কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং করলেই ৫০০ টাকা জরিমানা, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

Published:

Illegal Parking

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। তবে নতুন সরকার আসতেই একের পর এক নিয়ম চাপাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সরকার ১৫ বছর ধরে যা করতে পারেনি তা বিজেপি সরকার মাত্র এক সপ্তাহের ব্যবধানেই করে দেখাচ্ছে। গত পরশুদিন নবনির্বাচিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) স্পষ্ট জানিয়েছেন যে, কলকাতার রাস্তায় অবৈধভাবে কোনও গাড়ি পার্কিং (Illegal Parking) করা যাবে না। আর এবার জানানো হল, নিয়ম ভাঙলে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

অবৈধ পার্কিং করলেই জরিমানা

আসলে বিজেপি সরকার এবার কলকাতার রাস্তায় বেআইনি পার্কিং রুখতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে। পার্কিং জোনের বাইরে কিংবা নো পার্কিং এলাকায় কোনও ভাবেই গাড়ি দাঁড় করানো যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেক্ষেত্রে জানানো হয়েছে, কলকাতা পুরসভার অনুমোদিত জোন ছাড়া কোনও জায়গায় পার্কিং করা যাবে না। যদি নিয়ম ভাঙা হয়, তাহলে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি শনিবার শহর জুড়ে ২৭টি ট্র্যাফিক গার্ড এলাকায় বিশেষ অভিযানও চালিয়েছে লালবাজার।

রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত পার্কিং এলাকায় ওয়ান লাইন পার্কিং এবার বাধ্যতামূলক করা হয়েছে। আর ডিসপ্লে বোর্ডে উল্লেখ থাকবে যে, কোথায় কতটা জায়গা পার্কিংয়ের জন্য নির্ধারিত। তার বাইরে গাড়ি রাখা চলবে না। এমনকি বোর্ডে পার্কিং ফিও লেখা থাকবে। আর পার্কিং কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম পরাও বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই পদক্ষেপ, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: কপাল খুলছে জঙ্গলমহলের, আদ্রা ডিভিশনে বড় প্রকল্পের মঞ্জুরি দিল রেল

পুরমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, “আজই নোটিশ জারি করছি। রাস্তার দুই পাশে অবৈধ পার্কিং বন্ধ হবে। আর যেখানে পার্কিং করার কথা নয়, সেখানে আজ থেকে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। যদি নিয়ম ভাঙা হয়, তাহলেই জরিমানা। এতে সাধারণ মানুষের সুবিধা হবে।” এমনকি তিনি অভিযোগ করেছেন যে, শহরের বিভিন্ন জায়গায় পার্কিং স্লিপ দিয়ে টাকা আদায় করা হচ্ছে। যেগুলির কোনোটাই সরকারি রাজস্বে জমা পড়ছে না। এই সমস্ত অবৈধ কারবার রুখার জন্যই বড় পদক্ষেপ রাজ্যের। এমনকি অবৈধ পার্কিং রুখতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও সরব হয়েছেন। তিনি বলেছেন, যেখানে পার্কিং করার নিয়ম রয়েছে, একমাত্র সেখানেই গাড়ি রাখতে হবে। যত্রতত্র গাড়ি দাঁড় করানো যাবে না।