বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক নাবালিকা স্কুল ছাত্রীর সাথে অশালীন আচরণের (Sexual Abuse) অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ হাওড়ার (Howrah) পদ্মপুকুর করিডোরে ট্রাফিক সিগনালের কাছে (South Howrah Crime News)। জানা গিয়েছে, নির্যাতিতা ওই স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় রাস্তায় পথ আটকে আচমকা তাঁর ঠোঁটে চুম্বন করেন ওই অভিযুক্ত। যেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ধরে ট্রাফিক গার্ডের হাতে তুলে দেন স্থানীয়রা।
ঠিক কী ঘটেছিল?
কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে সোমবার, বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল ওই নাবালিকা স্কুল ছাত্রী। এমন সময় হঠাৎ তাঁর পথ আটকে দাঁড়ায় ওই অভিযুক্ত ব্যক্তি। তারপরই ওই নাবালিকা ছাত্রীর সাথে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে ওই নাবালিকা ছাত্রীর সাথে নোংরামো করে সে। পরবর্তীতে নাবালিকার শরীরে হাত দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এখানেই শেষ নয়, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর এও অভিযোগ, ওই নাবালিকার শরীরের উপরাংশের নানান জায়গায় হাত দিতে দিতে আচমকা তাঁর ঠোঁটে চুম্বন করেন অভিযুক্ত ব্যক্তি। তৎক্ষণাৎ সেখান থেকে সরে যায় ওই নাবালিকা। আর সেই দৃশ্য দেখে অভিযুক্ত ওই ব্যক্তিকে বাধা দেয় তন্ময় দাস নামক এক বাইক আরোহী। খবর পাঁচ কান হতেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। এরপরই অভিযুক্ত ব্যক্তিকে ধরে জুতোপেটা করতে দেখা যায় এক মহিলাকে।
আরও পড়ুন: মিনিটে কাটা যাবে ৫ গুন বেশি তৎকাল টিকিট, বড় আপডেট আনছে IRCTC
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, তন্ময় দাস নামক ওই বাইক আরোহী অভিযুক্ত ব্যক্তিকে ধরে ট্রাফিক গার্ডের হাতে তুলে দিতেই ছেলেটিকে ধরে ট্রাফিক পোস্টে নিয়ে যাচ্ছেন তিনি। এমন সময় স্থানীয়দের বেশ কয়েকজনকে যুবককে মারধর করতেও দেখা যায়। সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তি সম্পূর্ণরূপে মাদকাসক্ত ছিলেন। পরবর্তীতে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।










