পুলিশের ৩ মামলায় রক্ষাকবচ পেলেও হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: হাইকোর্টে আরও স্বস্তি পেলেন তৃণমূলের যুবরাজ। রক্ষাকবচ মামলায় এবার বড় রায় দিল রাজ্যের সর্বোচ্চ আদালত। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা তিনটি মামলায় রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। ফলে আপাতত ওই তিনটি মামলায় অভিষেককে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালিতলা এই তিনটি থানায় যে মামলাগুলি দায়ের করা হয়েছিল, সেগুলিতেই সাময়িক স্বস্তি পেয়েছেন তিনি। তবে পাল্টা আবার হাইকোর্টে দ্রুত সব মামলার শুনানির আবেদন জানিয়ে ‘ঘাড়ধাক্কা’ খেয়েছেন যুবরাজ।

অভিষেককে আইনি স্বস্তি দিল হাইকোর্ট

রাজ্য পুলিশের দায়ের করা এই তিনটি মামলায় আদালত রক্ষাকবচ দিয়ে স্পষ্ট জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে অভিষেককে গ্রেফতার করা যাবে না। অর্থাৎ এই দিন পর্যন্ত বহাল থাকবে রক্ষাকবচ। তবে কিছু শর্তসাপেক্ষেই এই স্বস্তি দেওয়া হয়েছে। প্রথমত, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত, চোখের চিকিৎসার জন্যই শুধুমাত্র তিনি বাইরে যেতে পারবেন। অন্যথায় অনুমতি ছাড়া বিদেশের পথে পা বাড়াতে পারবেন না। এমনকি তদন্তের জন্য রাজ্য পুলিশ বা তদন্তকারী সংস্থাকে ৪৮ ঘণ্টা আগেই নোটিশ পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে অভিষেকের সমস্ত মামলার শুনানি একদিনে হবে না বলেও জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আবেদন খারিজ করে জানিয়েছেন, সমস্ত মামলার বিষয়বস্তু আপাতত আদালতের হাতে নেই। তাই একসঙ্গে সমস্ত মামলার শুনানি সম্ভব নয়। এমনকি বিচারপতি আরও জানিয়েছেন, আদালতের কাছে আপাতত তিনটি মামলার পূর্ণাঙ্গ তথ্য রয়েছে। তাই শুধুমাত্র সেগুলি বিবেচনা করাই বর্তমানে আদালতের পক্ষে সম্ভব। আসলে আজ নিজের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআর-র শুনানি একত্রে চেয়েছিলেন অভিষেক। সেই আবেদনই খারিজ করে আদালত স্পষ্ট অবস্থান জানিয়েছে।

আরও পড়ুন: “স্কুল ইউনিফর্মের সঙ্গে হিজাব গ্রহণযোগ্য নয়”, মামলা খারিজ করে বড় রায় হাইকোর্টের

এদিকে গতকাল হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট পুনরায় চালু করে ব্যাংক কর্তৃপক্ষ। সূত্রের খবর, ব্যাংকের আধিকারিকরা তৃণমূল সাংসদের বাড়িতে গিয়েই কেওয়াইসির তথ্য সংগ্রহ করে আনেন। এমনকি হাইকোর্ট ব্যাংককে ভর্ৎসনা করে জানায়, এরপর থেকে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে অবশ্যই তাঁকে নোটিশ পাঠাতে হবে। পাশাপাশি অভিষেকের আইনজীবী অযথা হয়রানির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবিও জানান।

google button