“স্কুল ইউনিফর্মের সঙ্গে হিজাব গ্রহণযোগ্য নয়”, মামলা খারিজ করে বড় রায় হাইকোর্টের

Published:

Hijab

সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল ইউনিফর্ম নিয়ে বড় রায় হাইকোর্টের। সম্প্রতি ইউনিফর্মের সঙ্গে হিজাব (Hijab) পরার অনুমতি চেয়ে এক নাবালিকা ছাত্রী আদালতের দৃষ্টি আকর্ষণ করে। তবে সেই মামলা খারিজ করে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক বিধি মেনে চলা বাধ্যতামূলক। এমনকি স্কুলে হিজাব পরা যে মুসলিম ধর্মে বাধ্যতামূলক প্রথা, তার যথাযথ প্রমাণ দিতেও ব্যর্থ হয়েছে ওই ছাত্রী।

স্কুল ইউনিফর্মের সাথে হিজাব পরার মামলা খারিজ হাইকোর্টে

ঘটনাটি উত্তরপ্রদেশের। প্রয়াগরাজের আত্তারসুয়ায় অবস্থিত টেগর পাবলিক স্কুলের ছাত্রী সুকাইনা রিজভীকে হিজাব পরা নিয়ে বড় রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ওই ছাত্রী তাঁর মায়ের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে স্কুলের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়েছিল। এমনকি তা নিয়ে হাইকোর্টে মামলা করে সে। তবে রাজ্যের সর্বোচ্চ আদালতের বিচারপতি জে জে মুনির এবং ইন্দ্রজিৎ শুক্লার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি পোশাক বিধি অভিন্ন, বৈষম্যহীন বা শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে বলবৎ করা হয়, তাহলে বিশেষ কোনও ছাত্রীকে ছাড় দেওয়া হবে না।

আদালতের পর্যবেক্ষণ, পূর্ববর্তী শ্রেণিগুলিতে হিজাব পরার বিষয়ে স্কুলের আপত্তি না থাকার বিষয় মোটেও ভবিষ্যতের আইনি অধিকার প্রদান করে না। বিচারপতি জানান, “আমরা আবেদনকারীর বিভিন্ন ক্লাসের ছবি দেখেছি। সেখানে তিনি ছাড়া আর কোনও ছাত্রী হিজাব পরেননি। এমনকি তিনি যে ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সেখানকার অন্যান্য ছাত্রীরাও হিজাব পরত না। তাই এই বিষয়টি উত্থাপন করেই হাইকোর্ট এই রায় দিয়েছে যে, হিজাব পরা ইসলাম ধর্মের কোনও অপরিহার্য অংশ নয়। মেয়েদের হিজাব না পরা ধর্মকে অবমাননা করবে না।”

আরও পড়ুন: সোনা, রুপোর দামে ফের আমূল বদল! আজকের রেট

যদিও শুনানির সময় আদালত কর্ণাটক হাইকোর্টের ২০২২ সালের একটি রায় তুলে ধরে। যেখানে বলা হয়েছিল যে হিজাব মুসলিমদের বাধ্যতামূলক ধর্মীয় প্রথা নয়। সেই সূত্রে এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, বর্তমান মামলায় কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে। কারণ, স্কুল ইউনিফর্মের মূল উদ্দেশ্যই হল শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচয় এবং ধর্মনিরপেক্ষ শিক্ষামূলক পরিবেশ বজায় রাখা। সেই কারণেই ওই ছাত্রীর মামলা খারিজ করে আদালত।