হাওড়া পুরসভায় ভোট থেকে দুর্নীতির তদন্ত, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Howrah Municipal Election

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার পালাবদল হতেই নয়া চমক বিজেপির। ১৩ বছর পর অবশেষে পুরসভা (Howrah Municipal Election) ভোট হতে চলেছে হাওড়ায়। বৃহস্পতিবার সকালে হাওড়ায় প্রশাসনিক বৈঠক করে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দীর্ঘদিন ধরে জটিলতায় আটকে ছিল পুরসভা নির্বাচন (Election)। তবে এবার বিজেপি সরকার আসতেই বড় পদক্ষেপ নেওয়া হল। মুখ্যমন্ত্রীর আশ্বাস, চলতি বছরেই সেই ভোট হবে।

হাওড়া পুরসভার ভোট!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “এক দশকেরও বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশন, ইনক্লুডিং বালি নির্বাচন না হওয়ার ফলে এখানে জনগণের নিত্যদিনের যে পরিষেবা, ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। তবে এবার সেই সমস্যার সমাধানের পথে এগিয়ে এলো বিজেপি সরকার। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা হবে, এবং ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ করে এই বছরের মধ্যে পুরসভার ভোট হবে।” এছাড়াও হাওড়া পুরনিগমে ওঠা দুর্নীতির তদন্ত হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “হাওড়া পুরসভায় ১৭০০ অস্থায়ী কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে ৫০০ জন কোনও কাজ না করে বেতন নেন। এবার সেই সবকিছুর তদন্ত হবে।”

প্রাথমিক চাহিদার ওপর বিশেষ নজর

উল্লেখ্য, ২০১৩ সালে ভোট হয় হাওড়া পুরসভায়। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে আর ভোট হয়নি। পুরপ্রশাসক মণ্ডলী বসিয়ে কাজ চলছিল কিন্তু এই সময় নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ উঠে আসছে। তাই আজ, বৃহস্পতিবার হাওড়ায় গিয়ে চলতি বছরেই পুরভোটের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকায় পর্যাপ্ত পানীয় জল, পরিচ্ছন্নতা ও নিকাশি ব্যবস্থার উপর জোর দেওয়া হবে এবং বিজেপি কী কী কাজ করবে, তার তালিকা তৈরি করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি যতগুলি জলাশয় বুজিয়ে দেওয়া হয়েছে, সেগুলি চিহ্নিত করা হবে বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: কিছুক্ষণেই কালবৈশাখীর সাথে প্রবল বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা আবহাওয়া দফতরের

হাওড়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আপাতত তিনমাসের পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেই সঙ্গে যতদিন না ভোট হচ্ছে, ততদিন হাওড়ার সুষ্ঠুভাবে পুর-পরিষেবা প্রদানের জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে। গড়া হয়েছে একটি সমন্বয় কমিটিও। লক্ষ্য একটাই প্রাথমিক চাহিদাগুলিকে পূরণ করে, লংটার্মে হাওড়াকে আরও বিকশিত নগরি তৈরি করা। এই মুহূর্তে পুরমন্ত্রী দুর্গাপুরে আছেন সেখানে আমি যাব কথা বলব। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভোট হবে হাওড়া ও বালিতে।”