সুপ্রিম কোর্টে ফের কবে শুনানি ডিএ মামলার? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

Published:

Supreme Court

সহেলি মিত্র, কলকাতাঃ পঞ্চম বেতন পে কমিশন নিয়ে আবারও একবার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে সর্বোচ্চ আদালতে ডিএ (Dearness allowance) মামলার নতুন করে শুনানি হতে পারে। এদিকে নতুন করে তৈরি হচ্ছেন বাংলার সরকারি আধিকারিকরা। বাংলার কয়েক লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকরা একগুচ্ছ জিনিস না পাওয়ার বিষয়টি আদালতের সামনে পেশ করতে চাইছে বলে খবর।

ফের সুপ্রিম কোর্টে হবে ডিএ মামলার শুনানি

বেশ কিছু বিষয়ে সরকারি অর্ডার পাস হওয়া সত্ত্বেও দাবি দাওয়া পূরণ না হওয়ার দরুণ হতাশায় ডুবে গিয়েছেন অনেকে বলে দাবি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। রাজ্যে সরকারি অনুদান প্রাপ্ত অর্থাৎ গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির যেমন স্কুল-কলেজ, পুরসভা, পঞ্চায়েত, স্বয়ংশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এখনও একেবারেই না পাওয়ার বিষয়টি তুলতে চাইছে মামলাকারী মূল সংগঠন।

ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে

সামাজিক পোস্টের মাধ্যমে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বারবার জানিয়েছেন, ‘গ্রান্ট ইন প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ আংশিকও না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। তাছাড়া বকেয়া ডিএ যাঁরা পেয়েছেন, তাঁদেরও সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তিতে তা দেওয়া হয়নি। এই বিষয়টিও সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে।’ এছাড়াও গত ৭ জুলাই রাজ্য অর্থদফতর জানিয়েছিল কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের আনুমানিক বকেয়া DR-এর ৫০ শতাংশ প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু কোথায় টাকা? এসব হচ্ছেটা কী? প্রশ্ন তোলেন সরকারি কর্মীরা।

আরও পড়ুনঃ বকেয়া DA নিয়ে ফের ফুঁসে উঠলেন অবসরপ্রাপ্ত কর্মীরা! সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

যাইহোক, বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি কে মিশ্রর আদালতে বকেয়া ডিএ মামলার শুনানি চলছে। ২২ জুলাই পরবর্তী শুনানির নির্ধারিত দিন থাকলেও তা কয়েকদিন এদিক-ওদিক হতে পারে বলে মামলাকারী সংগঠন জানতে পেরেছে। যদিও চূড়ান্ত দিনক্ষণ এবং আদালত কী সিদ্ধান্ত নেয় এখন স্বাভাভিকভাবেই সেদিকে নজর থাকবে সকলের।