বাংলাকে নতুন অমৃত ভারত এক্সপ্রেস উপহার রেলের, চলবে NJP থেকে, জানুন রুট

Published:

Amritsar-New Jalpaiguri Amrit Bharat Express

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল দারুণ উপহার। বাংলা পেল আরও একটা অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন (Amrit Bharat Express)। সেইসঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত রুটে এই নতুন ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি-অমৃতসরের মধ্যে নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের (Amritsar-New Jalpaiguri Amrit Bharat Express) অনুমোদন দিয়েছে রেল। আর এরইসঙ্গে বাংলার সঙ্গে দেশের আরও অন্যান্য রাজ্যের সংযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

নিউ জলপাইগুড়ি-অমৃতসরের মধ্যে চলবে অমৃত ভারত এক্সপ্রেস

এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নিউ জলপাইগুড়ি এবং অমৃতসরের মধ্যে অমৃত ভারত ট্রেন পরিষেবা শুরু করার জন্য রেলকে অনেক ধন্যবাদ।’ সাংসদ আশাবাদী এই নতুন রেল পরিষেবা পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের সংযোগকে শক্তিশালী করবে। সেইসঙ্গে এটি ব্যবসা, পর্যটন, বাণিজ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের নতুন সুযোগের দরজাও খুলে দেবে। উপকৃত হবে ছাত্রছাত্রী, শ্রমিক, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকরাও।

ট্রেনের সময়সূচী

সাংসদের পোস্ট অনুযায়ী, ট্রেন নম্বর ১৪৬৬৪/১৪৬৬৩ অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে একদিন চলবে। অমৃতসর থেকে প্রতি বৃহস্পতিবার চলবে এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি শনিবার সকাল ৮টার সময়ে ছেড়ে যাবে এবং অমৃতসর পৌঁছাবে সোমবার রাত ২:২০ মিনিটে। ট্রেনটি নতুন নির্মিত ললিতগ্রাম বাইপাস এবং আরারিয়া-গালগালিয়া রেলওয়ে সেকশন দিয়ে যাবে, যা দার্জিলিং, তরাই, ডুয়ার্স, শিলিগুড়ি, বাগডোগরা, ঠাকুরগঞ্জ, কোসী, মিথিলা এবং সীমাঞ্চল অঞ্চলের মানুষদের জন্য বিশাল স্বস্তি এবং উন্নত সংযোগ প্রদান করবে।

আরও পড়ুনঃ রেশনে কার্ডে আর আটা নয়, মিলবে উচ্চমানের গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

এই আধুনিক অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক সংযোগের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নতুন ট্রেনের জন্য রাজু বিস্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। যাইহোক, এখন দেখার এই নতুন ট্রেন পরিষেবা কীভাবে মানুষের জীবনে কাজে লাগে।