আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগে ফের বিক্ষোভ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বৃহস্পতিবার একদল মহিলা টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে BDO অফিসে পৌঁছে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা আটকে রয়েছে। কারও আবেদনের স্ট্যাটাস এখনও ‘Under Processing’, আবার কারও নাম তালিকায় থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি।
টাকা না পাওয়ায় ক্ষোভ
বিক্ষোভকারীদের দাবি, প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নিয়ম মেনেই তাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। তারপরও কেন টাকা আসছে না? প্রশাসনের কাছে তাঁরা জবাব চান। দ্রুত সমস্যার সমাধান করে বকেয়া টাকা দেওয়ার দাবিও জানান তাঁরা। পরিস্থিতির জেরে একসময় BDO অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীদের একাংশ।
‘দুই মাস টাকা পেয়েছি, তারপর আর পাইনি’
বিক্ষোভকারী আনজুমা বেগম বলেন, “আমি দুই মাস টাকা পেয়েছি। তারপর আগস্ট, সেপ্টেম্বর আর কোনও টাকা পাইনি। আমার সব কাগজপত্র ঠিক আছে, তাহলে আমি কেন টাকা পাব না? BDO অফিসে যখনই আসছি, তখনই বলছে আরও যাচাই করতে হবে। আমরা ১০ টাকা করে সবার থেকে নিয়ে তালা কিনে অফিসে তালা মেরে দিয়েছি।” আরও এক বিক্ষোভকারীর দাবি, তিনি মাত্র এক মাস অন্নপূর্ণার টাকা পেয়েছেন। এরপর আর কোনও কিস্তি তাঁর অ্যাকাউন্টে জমা পড়েনি।
আরও পড়ুন: ৪ লক্ষ কৃষককে বিদ্যুতে ভর্তুকি, সরকার কিনে নেবে সব ধান! বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
বিক্ষোভকারীদের বক্তব্য, একই প্রকল্পের আওতায় আবেদন করার পরও তাঁদের টাকা আটকে থাকায় তাঁরা সমস্যায় পড়েছেন। আবেদনের কোথায় সমস্যা রয়েছে, তা স্পষ্ট করে জানানো এবং যোগ্যদের বকেয়া টাকা দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।










