অন্নপূর্ণা যোজনায় ‘আন্ডার প্রসেস’ থাকলে কবে ভেরিফাই হবে? টাকা ঢুকবে কিনা জানুন

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বহু মহিলার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন এখনও আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে। জুন বা জুলাই মাসে টাকা ঢুকলেও আগস্টে ঢোকেনি তাঁদের টাকা। এমনকি কবে ভেরিফাই করে অ্যাপ্রুভ করা হবে সেই বিষয়ে রাজ্য সরকার কিছু জানায়নি। এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তবে যাঁদের ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে ছিল, তাঁদের তথ্য পুনরায় যাচাই-বাছাই করে যোগ্য প্রমাণিত হলে দেওয়া হয়েছে অর্থ সহায়তা। কিন্তু যাঁদের আন্ডার প্রসেস রয়েছে তাঁরা কী করবেন?

অন্নপূর্ণা যোজনায় আন্ডার প্রসেস থাকলে কবে ঢুকবে টাকা?

গ্রাম থেকে শহর, রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মহিলার আবেদন এখন আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে। এমনকি দীর্ঘদিন ধরেই একই স্ট্যাটাস দেখাচ্ছে। আন্ডার প্রসেস মানে এই নয় যে আপনার আবেদন বাতিল হয়েছে। বিশেষ করে যাঁরা অফলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন, তাঁদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করে অনলাইন পোর্টালে তোলা হয়েছে। চলতি মাসে ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার ৩০০০ টাকা করে পাঠানো হয়েছে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু একসঙ্গে এত বিপুল সংখ্যক আবেদন ভেরিফাই করতে কিছুটা সময় লাগতে পারে। সেই কারণেই এখনও কিছু কিছু মহিলার আবেদন আন্ডার প্রসেসে রয়েছে।

রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় মোট ১ কোটি ৮০ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ভেরিফাই করা হয়েছে ১ কোটি ৪৬ লক্ষ। বাদ গিয়েছে ১৭ লক্ষ আবেদন। আর বাদবাকি আবেদন এখনও পর্যন্ত আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে। অনুমান করা হচ্ছে, এই সমস্ত মহিলাদের তথ্য সরকারি আধিকারিকরা সতর্কতার সঙ্গে যাচাই করে ভেরিফাই করবেন। তাই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

আরও পড়ুন: “সুপ্রিম কোর্টের কোনও নোটিশ …”, অভিষেকের পিটিশন নিয়ে নয়া দাবি সুদীপের

এখন মহিলাদের মনে একটাই প্রশ্ন, এই আবেদনগুলি কবে ভেরিফাই করা হবে? যদিও রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রতিটি ব্লক অফিস বা বিডিও অফিসে বর্তমানে ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে থাকা আবেদনগুলি পুনরায় যাচাই করা হচ্ছে। এমনকি প্রতিদিন হাজার হাজার নতুন আবেদন জমা পড়ছে। তবে অনুমান করা হচ্ছে, এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে ধাপে ধাপে আন্ডার প্রসেস পর্যায়ে থাকা আবেদনগুলি ভেরিফাই করা হবে। তবে একান্তই যদি দীর্ঘদিন ধরে একই স্ট্যাটাস দেখায়, তাহলে নিকটবর্তী পুরসভা বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।