অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও সুসংবদ্ধ করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি কলকাতার নিত্যকার যানজটের সমস্যা কমাতে এবং নাগরিক পরিষেবা উন্নত করার লক্ষ্যে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ ও পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। মন্ত্রী ট্রাম, ওয়াটার ট্যাক্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক ট্র্যাফিক সিগন্যাল ও ইলেকট্রিক বাস সহ একাধিক পরিবহন পরিষেবামূলক ব্যবস্থার (Multi-modal Transport) রূপায়নের কথা জানিয়েছেন।
বহুমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ রাজ্যের
অর্জুন সিং জানিয়েছেন, শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ ও যানজট কমানোর জন্য ‘অ্যাডাপটিভ সিগন্যালিং সিস্টেম’ চালু করার পরিকল্পনা চলছে। এই ব্যবস্থায় ‘অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন’ (ANPR) প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। আবার, রাস্তায় যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে গঙ্গা নদীতে দ্রুতগতির ওয়াটার ট্যাক্সি (Water Taxi) পরিষেবা চালুর কথাও ঘোষণা করেছেন মন্ত্রী। প্রাথমিক পরিকল্পনায় হাওড়া-বালি-বেলুড়, ব্যারাকপুর-বাবুঘাট এবং মেটিয়াবুরুজ-বাবুঘাট – এই রুটগুলিতে পরিষেবা চালু হওয়ার কথা জানানো হয়েছে। তবে, ওয়াটার ট্যাক্সি সার্ভিস নবদ্বীপ পর্যন্ত সম্প্রসারণ করা যায় কিনা তাই নিয়েও একটি দীর্ঘমেয়াদী সমীক্ষাও চালানো হচ্ছে।
অন্যদিকে, কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বন্ধ না করে, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেটিকে আরও বড় পরিসরে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আবার, দূষণমুক্ত পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে রাজ্যজুড়ে বিপুল সংখ্যক নতুন বৈদ্যুতিক ও সিএনজি (CNG) বাস চালু করা হচ্ছে। ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ধাপে ধাপে প্রায় ১,৫০০টি নতুন সরকারি বাস চালুর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এবং এর বড় একটি অংশ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন: মিলবে অতিরিক্ত সুবিধা, শিয়ালদহ শাখায় AC লোকাল নিয়ে নতুন সুখবর দিল রেল
জানিয়ে রাখি, ট্রাম পুনরুজ্জীবন এবং জল সংযোগ প্রকল্পগুলি বর্তমানে পরিকল্পনা পর্যায়ে রয়েছে, তবে ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য এআই সিগন্যালের বিষয়টি এখনও আলোচনা স্তরে রয়েছে। এই বৃহত্তর রোডম্যাপে কলকাতা ও তার সংলগ্ন এলাকার পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।










