বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল (Trinamool Congress) আমলে দুর্নীতির অন্ত ছিল না। নতুন সরকার ক্ষমতায় আসার পর একে একে সেইসব দুর্নীতির পর্দা ফাঁস করছেন তদন্তকারীরা। সেই সূত্রেই এবার (Fake Doctor) ভুয়ো চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে দুই তৃণমূল কাউন্সিলর সহ বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ঘনিষ্ঠ এক নেতাকে গ্রেফতার করল পুলিশ।
বিজেপির অভিযোগের ভিত্তিতেই অ্যাকশন নিল পুলিশ
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, বারুইপুরে কিছুদিন আগেই তিনজন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় তদন্তে নেমেছিল বারুইপুর থানার পুলিশ। তারপরই জানা যায় পৌরসভার একাধিক কাউন্সিলর এই ভুয়ো চিকিৎসকদের কাছ থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করাতেন। এই ঘটনায় তড়িঘড়ি বিজেপির তরফে দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার তৃণমূলের দুই কাউন্সিলর সহ এক নেতাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, পুলিশের হাতে ধৃত দুই তৃণমূল কাউন্সিলরের নাম আশিস দেবরায় এবং বিকাশ দত্ত। তাঁদের পাশাপাশি গ্রেফতার হওয়া আরেক নেতার নাম জয়দেব সাহা। যদিও সূত্রপাতটা হয়েছিল তিন ভুয়ো চিকিৎসককে কেন্দ্র করে। জানা গিয়েছে, ওই অভিযুক্ত তিন ভুয়ো চিকিৎসক দীর্ঘদিন ধরে নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করার পাশাপাশি বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট দিতেন। সেটাও আবার টাকার বিনিময়ে।
আরও পড়ুন: ‘আপনাদের যদি সাহস থাকে..’ এবার দিল্লি পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
বারুইপুরের বিজেপি নেতাদের কয়েকজনের অভিযোগ, ওই তিন ভুয়ো চিকিৎসককে দিয়ে এতদিন পৌরসভার তৃণমূল কাউন্সিলরেরা মৃত ব্যক্তির নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করাচ্ছিলেন। এভাবেই চলছিল দুর্নীতি। তবে নতুন সরকার ক্ষমতায় আসতেই ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের উদ্যোগে দুর্নীতিগ্রস্তদের জায়গা হতে চলেছে শ্রীঘরে!










