বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রে ক্ষমতায় আসার পর 2018 তে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আওতায় একজন দরিদ্র বা নিম্নবিত্ত ব্যক্তি বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি হওয়ার তৃতীয় দিন থেকে পরবর্তী 15 দিন প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে নানান রকমের টেস্টও হয় আয়ুষ্মান ভারত কার্ড দিয়েই। এতদিন পুরনো রাজ্য সরকার এই প্রকল্পকে বাংলায় চালু হতে না দিলেও পালাবদল হতেই আগামী পহেলা জুন থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। তার আগে জেনে নেওয়া দরকার এই কার্ডে কোন কোন চিকিৎসা পাওয়া যায় আর কোন কোন চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না।
আয়ুষ্মান ভারত প্রকল্পে কোন কোন চিকিৎসা পাওয়া যায়?
মনে রাখতে হবে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। বলে রাখি, ওপিডি অর্থাৎ শুধুমাত্র ডাক্তারের কাছে চেকআপ এই ধরনের পরিষেবা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নেই। এছাড়াও শুধুমাত্র টেস্টের খরচও আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে পাওয়া যায় না। একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে তবেই তাঁর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার।
একই সাথে, শারীরিক দুর্বলতা কাটাতে বা স্বাস্থ্য ভাল রাখতে বিভিন্ন টনিক, ভিটামিন এমনকি সাপ্লিমেন্ট এর খরচ এই প্রকল্পে পাওয়া যায় না। একজন ব্যক্তি গুরুতর অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে গেলে তিনি যদি ওই সাপ্লিমেন্ট বা টনিক প্রেসক্রাইব করেন তবেই তাই প্রকল্প থেকে পরিষেবা পাওয়া যাবে। একই সাথে নিয়মিত ডেন্টাল চেকআপ বা দাঁতের চিকিৎসা যেমন দাঁত পরীক্ষা করা থেকে শুরু করে ক্যাভিটি ফিলিং সহ নিয়মিত চেকআপ এই প্রকল্পের আওতায় পড়ে না। তবে কারও শরীরে যদি টিউমার ধরা পড়ে, দুর্ঘটনার কারণে যদি দাঁতের চোয়ালের চিকিৎসার প্রয়োজন হয়, সিস্ট থেকে থাকে সেইসব চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পড়বে।
অবশ্যই পড়ুন: নির্জন দ্বীপে ঐতিহাসিক প্রাসাদ, ঘুরে আসুন কলকাতার কাছের এই রহস্যময় জায়গা থেকে
এছাড়াও আইভিএফ এমনকি অন্যান্য সহায়ক প্রজনন প্রযুক্তি চিকিৎসা এই প্রকল্পের আওতায় পাওয়া যায় না। পাশাপাশি কসমেটিক সার্জারি, ওজন কমানোর জন্য অপারেশন থেকে শুরু করে নেক লিফট সার্জারির মতো চিকিৎসা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত নয়। এগুলি ছাড়া বড় ধরনের অপারেশন যেমন হার্টের অপারেশন থেকে শুরু করে সিস্ট অপারেশন, হাড় ভাঙার অপারেশন, ক্যান্সারের চিকিৎসা, হার্ট অ্যাটাক, হার্টের বাইপাস সার্জারি, প্রেসমেকার বসানো থেকে শুরু করে হৃদ যন্ত্রের অন্যান্য চিকিৎসা, কিডনিতে স্টোন, স্ট্রোক, ব্রেন টিউমার, স্পাইনাল সার্জারির মতো একাধিক চিকিৎসা পরিষেবা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।










