মুখ্যমন্ত্রী দিল্লি যেতেই বাজিমাত! কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে ৩৯,০০০ কোটি পাচ্ছে বাংলা

Published:

Central Fund For Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাতেই লাভের মুখ দেখল বাংলা। কেন্দ্রীয় সরকারের জলশক্তি মিশন প্রকল্প থেকে রাজ্য সরকার অবিলম্বে ৩৯ হাজার কোটি টাকা পেতে চলেছে বলে খবর (Central Fund For Bengal)। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মুখ্যমন্ত্রী নিজেই একথা ঘোষণা করেছেন। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, রাজ্যে নতুন সরকার গঠনের পরেই কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে।

রাজ্যের জন্য বড়সড় বরাদ্দ

আসলে ৩৯ হাজার কোটি টাকার এই বিরাট অংকের পাশাপাশি আগামী দিন বাংলার জন্য আরও একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আসার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার বেলা বারোটায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে রাজ্যের গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক রয়েছে বলে খবর। রাজ্যের সমস্ত কেন্দ্রীয় স্বাস্থ্য কেন্দ্রের নাম বদলে ফেলা হয়েছিল আগের সরকারের আমলে। সেগুলোকে আবারও পুনরায় আয়ুষ্মান মন্দির প্রকল্পে ফিরিয়ে আনার জন্য রাজ্যকে বরাদ্দ দেওয়া হবে বলে খবর। এমনকি রাজ্যের গঙ্গা তীরবর্তী জেলাগুলিতে নমামি গঙ্গে প্রকল্পের কাজও আরও গতি পাবে। তাছাড়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছেন রাজ্যের পিডব্লিউবিডি সচিব। সেখানেও হতে পারে ঘোষণা।

বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছনোর পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। এমনকি গত বুধবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে বিএসএফকে প্রথম দফার জমি হস্তান্তর করেছে নতুন রাজ্য সরকার। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চাইছে মোদী সরকার। রাজ্যে পরিবর্তনের পরেই কাঁটাতারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে কথাও হয়েছে, যেখানে সীমান্ত সুরক্ষা আরও আঁটসাঁট করা হবে।

আরও পড়ুন: সরছে কলকাতা বিমানবন্দরের ভেতরের ১৩৬ বছরের পুরোনো মসজিদ, সায় নবান্নর

এদিকে এদিন দুপুর তিনটেয় দেশের উপরাষ্ট্রপতির সঙ্গে রাজ ভবনে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি আজ সন্ধ্যাবেলা মোদীর বাসভবনে গিয়েও সাক্ষাৎকার করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেও একাধিক আলোচনা হয়েছে। ফলত নতুন সরকার আসতে রাজ্যের যে একাধিক দিক থেকে লক্ষ্মীলাভ হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।