অনন্যা সরকার, কলকাতা: বাংলা কমিক্স বলতেই প্রথমে মাথায় আসে হাঁদা ভোঁদা, বাঁটুল দ্য গ্রেট বা নন্টে ফন্টের মতো কালজয়ী ক্লাসিকগুলি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাতে কিছুটা নীরবেই তৈরি হচ্ছে এমন এক রম্য চিত্রকথা, যা পৌঁছে গেছে বিশ্বের দরবারে। বিশ্বমানের কমিক্সের মঞ্চে স্বীকৃতি পেয়েছেন বাংলার শিল্পী (Comic Artist) চার্বাক দীপ্ত (Charbak Dipta)। তাঁর তৈরি ডিজিটাল গ্রাফিক নভেল ‘লুবলুর পৃথিবী’ সম্প্রতি দুটি খ্যাতনামা আন্তর্জাতিক স্তরের কমিক্স অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে, যা বাংলার কমিক্স জগতের জন্য এক বিরাট স্বীকৃতি।
কমিক্সের ‘অস্কার’-এ বাংলার শিল্পী চার্বাক দীপ্ত
বিশ্ব কমিক্সের দুনিয়ায় অন্যতম সম্মানিত পুরস্কার, আইসনার অ্যাওয়ার্ডস (Eisner Awards)-এ ‘লুবলুর পৃথিবী’ মনোনয়ন পেয়েছে। এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডকে অনেকেই ‘কমিকসের অস্কার’ বলে থাকেন। শুধু তাই নয়, এর পাশপাশি হার্ভে অ্যাওয়ার্ডস (Harvey Awards)-এর ডিজিটাল বুক অফ দ্য ইয়ার বিভাগেও স্থান করে নিয়েছে এই গ্রাফিক নভেল। একসঙ্গে দুটি আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বাংলা কমিক্সের জন্য একটি গর্বের বিষয়।
আরও পড়ুন: পুজোর আগেই ৩৮ শতাংশ DA! সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের
‘লুবলুর পৃথিবী’-এর সৃষ্টিকর্তা চার্বাক দীপ্ত উত্তর ২৪ পরগণার বনগাঁর বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী দীর্ঘদিন ধরে গ্রাফিক স্টোরিটেলিং, ইলাস্ট্রেশন ও কমিক্স নিয়ে কাজ করছেন। নিজের কাজের মাধ্যমে আধুনিক ভিজ্যুয়ালের সাথে বাংলার সংস্কৃতি ও সাহিত্যকে এক অন্য আঙ্গিকে তুলে ধরেছেন শিল্পী। তবে পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে নয়, নিজের ভাবনাচিন্তাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করাই ছিল তাঁর মূল লক্ষ্য। আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে, এমন প্রত্যাশাও করেননি চার্বাক।
তবে শুধু লুবলুর পৃথিবী’ নয়, এছাড়াও চার্বাকের কাজের পরিধি সুবিশাল। সুকুমার রায়ের ‘হ-য-ব-র-ল’, থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ ও জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ সহ বাংলা সাহিত্যের অনেকগুলি কালজয়ী সৃষ্টিকে তিনি গ্রাফিক রূপ দিয়েছেন। এছাড়া, তিনি সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমার বিখ্যাত সেই স্বপ্নের দৃশ্যটিকে কমিক্স আকারে ফুটিয়ে তুলে বহু কমিক্সপ্রেমীদের নজর কেড়েছেন। এছাড়াও, তিনি বাঙালি পাঠকদের জন্য উইল আইসনারের বিখ্যাত গ্রাফিক নভেল ‘এ কনট্র্যাক্ট উইথ গড’-এর বাংলা অনুবাদও করেছেন।
আরও পড়ুন: ক্যানসার কেড়ে নিল প্রাণ, প্রয়াত মহাভারতের অশ্বত্থামা প্রদীপ রাওয়াত
এক সংবাদপত্রে কার্টুন আঁকার মাধ্যমে কমিক্স নির্মাতা হিসেবে চার্বাকের পেশাদার জীবনের সূচনা শুরু হয়। সেই সময় থেকে তিনি ট্যাবলয়েড, ম্যাগাজিন সহ আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার সঙ্গেও ইলাস্ট্রেটর হিসেবে কাজ করেছেন। বইয়ের প্রচ্ছদ ও কার্টুন থেকে শুরু করে শিশুদের সচিত্র বই এবং নর্ডিক পুরাণ থেকে শুরু করে ‘মালগুডি ডেজ’-এর মতো ছোটগল্প পর্যন্ত নানা বিষয়ভিত্তিক কাজে তাঁর কাজের পরিসর বিস্তৃত। তবে ‘লুবলুর পৃথিবী’কে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া মোটেই সহজ ছিল না চার্বাকের জন্য। প্রথমে ইংরেজিতে লেখা হলেও একাধিক প্রকাশনা সংস্থা ছাপতেই রাজি হয়নি এই নভেল। পরে ওই বইটিকে বাংলায় প্রকাশ করার সিদ্ধান্ত নেন লেখক। ‘বুক ফার্ম’ প্রকাশনী থেকে ছেপে বেরোনোর পর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে এই গ্রাফিক্স নভেলটি। পরবর্তীতে ‘নারায়ণ দেবনাথ পুরস্কার’-ও লাভ করে ‘লুবলুর পৃথিবী’।










