প্রীতি পোদ্দার, কলকাতা: সরকার পরিবর্তন হয়ে গেলেও বদলাল না দুর্নীতির চিত্র, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই বিজেপি নেত্রী নাকি চাকরি দেওয়ার নাম করে তাঁর থেকে দেড় লক্ষ টাকা (BJP Leader Money Fraud) হাতিয়ে নিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে তবে কি এই দুর্নীতির অন্ধকার কোনোদিনও কাটবে না বাংলায়?
চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ!
বিগত সরকারের আমল থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠেই চলেছে। তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রী সকলেই এই অপকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এদিকে রাজ্যে সরকার পরিবর্তন হলেও নিয়োগ দুর্নীতির অভিযোগ কিছুতেই থামছে না। অনেক জায়গায় বিজেপি কর্মী এবং নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। আর এবার সেই একই ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরে। জানা গিয়েছে, গত বছর পুজোর আগে এক প্রতিবন্ধী মহিলাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেত্রী নিরুপমা মাইতি সামন্ত। আর এর জন্য সেই মহিলার থেকে নেত্রী নিয়েছিলেন দেড় লক্ষ টাকা।
দেড় লক্ষ টাকা নিয়েছিলেন বিজেপি নেত্রী
জানা গিয়েছে, অভিযোগকারী মিঠু মন্ডল, কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুরের হাকোলা গ্রামের বাসিন্দা। তিনি এবং তাঁর স্বামী দুজনেই বিজেপি কর্মী। তাঁর অভিযোগ, গতবছর পুজোর আগে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিরুপমা মাইতি সামন্ত তাকে বাড়িতে ডেকে জল সরবরাহ প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং সেই কাজের জন্য তার কাছ থেকে দেড় লক্ষ টাকা আদায় করা হয়েছিল। এখানেই শেষ নয় পরবর্তীকালে আরো সেই চাকরির জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়েছিল। কিন্তু টাকাটা দিতে না পারায় বিজেপি নেত্রীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে সেই কাজ তাঁকে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে শুরুতেই দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেন মিঠু দেবী। কিন্তু সেই আলোচনায় কোন কাজই হয়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: শিলিগুড়িতে PNB-র CSP-কে ডিম থেরাপি মহিলাদের, কারণ কী? ছড়াল চাঞ্চল্য
দিনের পর দিন টাকা ফেরত দেওয়ার জন্য তাগিদা দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বিজেপি নেত্রীর তরফে। শেষে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয় অভিযোগকারী মিঠু মন্ডল। জানা গিয়েছে ইতিমধ্যেই তিনি কোতোয়ালি থানায় বিজেপি নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নিরুপমা মাইতি সামন্ত। তাঁর কথায় “দলের কাছে আমার নাম খারাপ করার জন্য এই ধরনের মিথ্যে অভিযোগ আনা হয়েছে। আমি চাই এই গোটা ঘটনার সঠিক তদন্ত হোক। এবং সম্পূর্ণটা বিচার করে দল সঠিক সিদ্ধান্ত নিক।”










