প্রীতি পোদ্দার, কলকাতা: দ্বিতীয়বার ফের মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশা করা যাচ্ছে এই বৈঠকেই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি DA এবং সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকার। অন্যদিকে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের পরে প্রথম এক সপ্তাহে কতটা কাজ করল পশ্চিমবঙ্গে (West Bengal), তার খতিয়ান তুলে ধরল পদ্মশিবির।
৪৫ দিনের মধ্যে BSF-কে জমি হস্তান্তর
রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহের শনিবার সরকার গঠনের পর সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকেই ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত। এছাড়াও আয়ুষ্মান ভারত-সহ অন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয় ওই বৈঠকে। এছাড়া ১ জুন থেকে বার্ধক্য ভাতা ১০০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০০ টাকা করা হচ্ছে এবং ওই একই দিন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্যে সরকারি বাসে সফর করতেও মহিলাদের কোনও টাকা লাগবে না ওই দিন থেকে।
অভিষেক বন্দোপাধ্যায়ের নিরাপত্তা কমানো
রাজ্যে বিজেপির সরকার গঠিত হওয়ার পরে বিভিন্ন রাজনীতিকের সরকারি নিরাপত্তা ব্যবস্থায় একাধিক বদল আনা হয়েছে। বিজেপির দাবি, নতুন সরকার আসার পরে রাজনৈতিক ব্যক্তিত্বদের ‘নন-ক্যাটেগরাইজড’ নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জেট প্লাস সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সরকার ক্ষমতায় আসার পরে ২০১১ সালের পর থেকে হওয়া সব জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রেফতারির পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে।
আরজি কর কাণ্ডে দুই IPS অফিসারকে সাসপেন্ড
কলকাতায় কাশীপুর থেকে ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেত্রীর গ্রেফতারি থেকে শুরু করে ‘বাংলা পক্ষ’-র প্রধান গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির কথাও বলা হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতারি থেকে শুরু করে পুরনিয়োগ মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারি, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহের গ্রেফতারির কথাও উল্লেখ করেছে বিজেপি। দুর্নীতির মামলায় আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রেও সিবিআই-কে সবুজসঙ্কেত দিয়েছে রাজ্যের নতুন সরকার। এছাড়াও আরজি কর কাণ্ডে IPS অফিসার অভিষেক গুপ্ত এবং ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুন: বিয়ের সময় মেলে ২৫ হাজার টাকা, বন্ধ হবে রুপশ্রী প্রকল্প? জানিয়ে দিল রাজ্য
বিজেপি আরও জানিয়েছে, রাজ্যের সব সরকারি স্কুলে প্রার্থনা সঙ্গীতে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়েও নির্দেশিকা জারি করেছে। এছাড়াও আলু বা অন্য কৃষিজ পণ্য ভিনরাজ্যে বিক্রি করার ক্ষেত্রেও আর কড়াকড়ি থাকবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি তৃণমূলের আমলে, ‘WBCS এগজিকিউটিভ’ পরীক্ষা বন্ধ ছিল দীর্ঘ বছর কিন্তু নতুন সরকার দায়িত্বে আসার পরে ওই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এমনকি দীর্ঘ দিন আটকে থাকার পরে চিংড়িঘাটা মেট্রোর কাজও শুরু হয়েছে।










