তৃণমূলের দুই শিবিরকেই সভার অনুমতি হাইকোর্টের, বেঁধে দেওয়া হল শর্তও

Published:

TMCP Foundation Day

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল জল্পনা, এবার তৃণমূলের দুই শিবিরকেই দলের ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day) উপলক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে একই স্থানে নয়, বিড়লা তারামণ্ডলের সামনে ‘কালীঘাট তৃণমূল’-কে এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ে ‘ঋতব্রত তৃণমূল’-কে সভার অনুমতি দিল আদালত। এছাড়াও বেঁধে দেওয়া হল সময়সীমা সহ বেশ কিছু শর্ত। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

TMCP-র প্রতিষ্ঠা দিবস কর্মসূচি নিয়ে তরজা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন প্রতি বছর মেয়ো রোডেই পালন করা হয় এই অনুষ্ঠান। কিন্তু এ বার পরিস্থিতি ভিন্ন। তৃণমূলের অন্দরে ভাঙন ঘটায় দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয়ী বিধায়কেরা আলাদা শিবির করেছেন এবং নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করছেন। এদিকে পরিস্থিতি বদলে যাওয়ায় প্রতিষ্ঠা দিবস পালন ঘিরেও তৈরি হয়েছে জটিলতা। দুই শিবিরই চাইছে মেয়ো রোডেই প্রতিষ্ঠা দিবস কর্মসূচি পালন করতে। আর তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির।

দুই শিবিরকেই সভার অনুমতি আদালতের

জানা গিয়েছে, TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে গত ২৭ জুলাই আবেদন জানিয়েছিল কালীঘাট শিবির। আর সেই মামলার দ্রুত শুনানির জন্য গতকাল, সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যদিকে, ঋতব্রত শিবিরও একই দিন, একই সময়ে এবং একই জায়গায় টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন করতে চায়। অবশেষে সেই মামলা নিয়ে আজ বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। দুই তৃণমূলকেই সভার অনুমতি দিল উচ্চ আদালত। জানানো হয়েছে, ২৮ আগস্ট বিড়লা তারামণ্ডলের সামনে ‘কালীঘাট তৃণমূল’-কে সভার অনুমতি দেওয়া হল। রানি রাসমণি অ্যাভিনিউয়ে ‘ঋতব্রত তৃণমূল’-কে সভার অনুমতি দিল আদালত।

আরও পড়ুন: সরছে ধর্মতলার বিধান মার্কেট, সাত দিনে জোকা মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের

বিশেষ নির্দেশ হাইকোর্টের

হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয় যে, দলের প্রতিষ্ঠাদিবস কর্মসূচি উপলক্ষে দুই শিবিরেই যেন ১৫০০ হাজারের বেশি সমর্থক না থাকে এবং দুপুর ১২ টা থেকে ৩টে পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। শুধু তাই নয় আদালতে স্পষ্ট নির্দেশ সভা করার সময় যেন দুই রাস্তারই একদিক খোলা থাকে। প্রসঙ্গত, এর আগেও আদালতের তরফে, ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের দুই শিবিরকে অনুমতি দেওয়া হয়েছিল। তাই এবারও দুই শিবিরকে দুই জায়গায় সভা করার অনুমতি দেওয়া হয়েছে।