সরছে ধর্মতলার বিধান মার্কেট, সাত দিনে জোকা মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের

Published:

Bidhan Market

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল জট, ধর্মতলার বিধান মার্কেট (Bidhan Market) সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। গতকাল, সোমবার উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের (Joka Metro Project) জন্য আগামী ৭ দিনের মধ্যে বিধান মার্কেট এলাকায় কাজ শুরু করতে হবে। তবে এই মেট্রোর কাজের মাঝেই সেখানকার দোকানদারদের স্বার্থেও বড় বার্তা দিলেন বিচারপতি। স্পষ্ট নির্দেশ দিলেন কাজ শেষের পর পুনরায় দোকানদারদের পুনর্বাসনের জন্য লিখিত জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নির্মাণসংস্থাকে।

জোকা মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের আওতায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মাণ করা হবে বিধান মার্কেটের নিচে, তাই এলাকা খালি করার নির্দেশ এসেছে। এই বিষয়ে গতকাল, সোমবার হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে যে, আপাতত ওই এলাকা থেকে অস্থায়ী ভাবে দোকানদারদের অন্যত্র সরানো যাবে। তবে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিত ভাবে জানাতে হবে যে, কাজ শেষ হয়ে গেলে ওই দোকানদারদের পুরানো জায়গায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও নতুন জায়গায় জল, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় সমস্ত পরিষেবা সহ নিরাপত্তা ব্যবস্থা যাতে সঠিক থাকে তারও নির্দেশ দিয়েছে।

কোথায় সরানো হবে মার্কেট?

এর আগে ধর্মতলার বিধান মার্কেটের দোকানদারেরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কোনও রকম প্রতিশ্রুতি ছাড়াই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নির্মাণসংস্থা তাঁদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তাঁদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস। অবশেষে তাঁদের সুবিধার্থে এবার বড় নির্দেশ দিল হাইকোর্ট। জানা গিয়েছে, আপাতত বিধান মার্কেটের দোকানদারদের সাময়িকভাবে মাউন্টেড পুলিশ প্যারেড গ্রাউন্ড এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এদিকে হাইকোর্টের নির্দেশে খানিক স্বস্তি পেলেন সেখানকার দোকানদারেরা।

আরও পড়ুন: পাওনা চাওয়ায় কাঠমিস্ত্রিকে বেধড়ক মারের অভিযোগ! সোহমের বিরুদ্ধে ফের FIR

প্রসঙ্গত, ১৯৫৪ সালে প্রতিরক্ষা দফতরের জমিতে ধর্মতলার বিধান মার্কেট তৈরি হয়েছিল। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য সেখানকার মার্কেট অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, বিটি রোড বরাবর ৪৮ ইঞ্চির পুরনো পাইপের বদলে ৭২ ইঞ্চির নতুন পাইপলাইন বসানো হবে সেখানে। ইতিমধ্যেই নতুন পাইপলাইন ও মেট্রো প্রকল্পের কাজের জন্য রেল বিকাশ নিগম লিমিটেডকে NOC দিয়েছে কলকাতা পুরসভা।