পাওনা চাওয়ায় কাঠমিস্ত্রিকে বেধড়ক মারের অভিযোগ! সোহমের বিরুদ্ধে ফের FIR

Published:

Soham Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বিপাকে পড়লেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। অভিযোগ এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার তাঁর বিরুদ্ধে বেহালা থানায় (Behala Police Station) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কয়েক মাস আগে সিনেমায় অভিনয়ের জন্য মোটা টাকা নিলেও কাজ না করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, যা নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছিল, এমতাবস্থায় আরও এক FIR (Soham Chakraborty FIR) দায়ের হওয়ায় তুমুল শোরগোল শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

কী বলছেন অভিযোগকারী?

অভিযোগকারী কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মার দাবি, অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর ফ্ল্যাটে কাঠের ফার্নিচারের কাজের কন্ট্রাক্ট পেয়েছিলেন তিনি। আর সেই কাজের জন্য তাঁকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। দেড় মাস ধরে কাজ করছিলেন তিনি। প্রথমে শুধু একটি ওয়াল কেবিনেট তৈরির কথা হয়েছিল। এর জন্য ৫৫,০০০ টাকা ঠিক হয়। সেই কেবিনেটের ৮০ শতাংশ কাজ সম্পন্ন করার পরেই সোহম তাঁকে দিয়ে ঘরের একাধিক ওয়ার্ডরোব এবং ৮ থেকে ১০টি নতুন দরজা তৈরির কাজ করায়। এর ফলে সোহম চক্রবর্তীর মোট বিলের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৭৯,৮০০ টাকায়।

মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে

অভিযোগকারীর দাবি কাজ প্রায় শেষ হয়ে গেলে বাকি পারিশ্রমিক সোহম চক্রবর্তীর কাছে চেয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, টাকা দেওয়ার নামে তাঁকে বারবার ঘোরানো হচ্ছিল। প্রতিদিন নাকি ‘আজ দেব, কাল দেব’ করে প্রায় সাড়ে তিন মাস ধরে তাঁর পাওনা টাকা আটকে রাখা হয়েছিল। এরপর গত রবিবার সোহম চক্রবর্তীর বাড়ির এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে দেখা করতে বলেন। সোমবার সেখানে গেলে দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখলেও বকেয়া ৭৯ হাজার টাকা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এমনকি ফের পারিশ্রমিক চাইতে তাঁকে মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোনও।

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় ‘রেট চার্ট’ পেশ! নেওয়া হত লাখ লাখ টাকা, চার্জশিট ED-র

রাজ কাপুর শর্মার আরও অভিযোগ, তাঁকে প্রায় দেড় ঘণ্টা সেখানে আটকে রাখা হয় এবং আবাসন থেকে বের হতে দেওয়া হয়নি। নানা হুমকি হুঁশিয়ারির পরও দমে যাননি তিনি। নিজের প্রাপ্য টাকা আদায় করতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে বেহালা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত সোহমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য এর আগেও এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল। এখন দেখার এই ঘটনার জল কতদূর এগোয়।