বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্গাপুজোয় বুক স্টল দেওয়া নিয়ে চাপে রয়েছে সিপিআইএম (CPIM Book Stall)। দুর্গাপুজো না লিখলে স্টল দিতে দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতোই, শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএমের স্টল নিয়ে আপত্তি প্রকাশ করছে বিভিন্ন পুজো কমিটি। সেই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court)। তা নিয়েই এবার বামেদের আইনজীবীকে বড় পরামর্শ দিল আদালত। হাইকোট জানিয়ে দিল, “দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুক স্টল করুন।”
সিপিআইএমকে বড় পরামর্শ কলকাতা হাইকোর্টের
পুজো আসবে আসবে এমন আবহেই বুক স্টল বসানো নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সিপিআইএমের। সম্প্রতি উত্তর 24 পরগনার নৈহাটি এবং বনগাঁয় দুর্গাপুজো উপলক্ষ্যে দুটি আলাদা আলাদা বুক স্টল করার আবেদন জানিয়েছিল বামেরা। তবে পুলিশের তরফে অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিআইএমের আইনজীবী। সেই মামলায় সোমবার শুনানি চলল আদালতে।
এদিন, বামেদের আবেদন শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, “এই মামলায় দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে মনে করি না।” পাল্টা সিপিআইএমের আইনজীবী বলেন, “না হলে দয়া করে মামলা ছেড়ে দিন আমরা অন্য এজলাসে চেষ্টা করব। পুজোর পর এই মামলার আর কোনও গ্রহণযোগ্যতা থাকে না।” এমন বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগামীকাল এই মামলা ছেড়ে দেবেন তিনি। একই সাথে আদালতের তরফে সিপিআইএমকে পরামর্শ দেওয়া হয়েছে, দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় স্টল করুক তারা।
আরও পড়ুন: সুদানের সোনার খনিতে ভয়াবহ হামলা, প্রাণ গেল ৭২ জন শ্রমিকের, দায় কার?
উল্লেখ্য, নিজেদের বুক স্টলে দুর্গাপুজো না লিখে দুর্গোৎসব লেখায় সিপিআইএমকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই রাজ্যে বুক স্টল করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে বামেরা। কিছুদিন আগেই ব্যানার লাগিয়ে বাম বধের ডাক দিয়েছিল এন্টালির কামারডাঙ্গা পুজো কমিটি। তারপর থেকেই একাধিক পুজো উদ্যোক্তা বামেদের বুক স্টল দেওয়া নিয়ে আপত্তি প্রকাশ করেছেন।










