“বাসস্থানের ব্যবস্থা করব” ফুটপাতে দুধ গরম করে ধমক খাওয়া মহিলাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের রাজনীতিতে এখন আলোচনার শিরোনামে ফুটপাতে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক। তবে সেই বিতর্কের মাঝেই এবার বড় পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অসহায় ওই মহিলা আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আর সেখানেই মহিলাকে শুভেন্দু অধিকারীর আশ্বাস, “ফুটপাতে আর থাকতে হবে না। আমরা থাকার ব্যবস্থা করে দেব। সেখানে নিশ্চিন্তে থাকবেন।”

ফুটপাতবাসীর দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আসলে কয়েকদিন আগে পার্ক স্ট্রিটের ওই ফুটপাতের ধারে নিজের নাতির জন্য দুধ গরম করছিলেন সীতা দেবী নামের বৃদ্ধা মহিলা। তবে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিদর্শনে গিয়ে দুধ গরম করা নিয়ে তাঁকে ধমক দেন এবং বন্ধ করার নির্দেশ দেন। যে কোনও সময় বিপদ ঘটতে পারে, এই আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। পাশাপাশি তিনি আরও জানান, “কোনও বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। শুধুমাত্র ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছে। তবে আমার হয়তো বুঝিয়ে বলা উচিত ছিল।” পরে জানা যায়, ওই মহিলার আদতে কোনও থাকার জায়গা নেই। এমনকি ভিডিও ভাইরাল হতেই অগ্নিমিত্রা পালকে নিয়ে জনমানসে সমালোচনা শুরু হয়।

তবে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারের মাধ্যমে নিজে সেই মহিলার সঙ্গে দেখা করেন, এবং তাঁকে থাকার জায়গা করে দেওয়ার আশ্বাস দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সীতা দেবী বাচ্চা নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি ওনাকে বলেছি, আর ফুটপাতে থাকার দরকার নেই। আমরাই ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরাই যা করার করবে। উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন। রাজ্য সরকারের উপরেও ভরসা করেন।”

আরও পড়ুন: শীঘ্রই রাজ্যে ৩৮ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, জানাল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

এমনকি শুভেন্দুর আরও সংযোজন, “উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি যে ফুটপাত থাকার জায়গা নয়। মুখ্যমন্ত্রী আর বিজেপি সরকার সকলের জন্যই কাজ করে। বামপন্থী, যাঁরা এত এত কবিতা, ছড়া লিখছে, তাঁদের বলব খোঁজ নিন? কেন এতদিন খোঁজ নেননি? ৫০ বছর তো আপনাদের হাতে ছিল। সীতা দেবী এখানে এসে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ভরসা করি। ওনাদের আর ফুটপাতে থাকতে হবে না।”