আন্তর্জাতিক মানের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বাংলায় আনতে মোটা বরাদ্দ নবান্নর

Published:

Chief Minister Science and Technology Talent Attraction Fund Nabanna

অনন্যা সরকার, কলকাতা: এবার রাজ্যের প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে উন্নতি আনতে নতুন পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে তৈরি হয়েছে ‘চিফ মিনিস্টারস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্যালেন্ট অ্যাট্রাকশন ফান্ড’ (Chief Minister Science And Technology Talent Attraction Fund)। বিশ্বমানের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের এরাজ্যে এনে উদ্ভাবন ও গবেষণার পরিবেশকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই তহবিলটি তৈরি করেছে রাজ্য সরকার। রাজ্য বাজেটে (West Bengal Budget 2026) এই খাতে আপাতত ৫০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

নতুন ফান্ড রাজ্যে গবেষণার পরিবেশের বিকাশ ঘটাবে

প্রশাসনের তরফে জানা গেছে যে, এই ফান্ডের মাধ্যমে আন্তর্জাতিক স্তরের উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি বিশারদদের পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত করা হবে। এর ফলে বিদেশে প্রতিষ্ঠিত বিখ্যাত বাঙালি গবেষকদের ঘরে ফেরার সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। এই প্রকল্পের সুযোগ পেতে হলে আবেদনকারীদের গবেষণা ও প্রযুক্তিগত সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। এছাড়া, তাদের মধ্যে বাংলার গবেষণাগার, প্রযুক্তি কেন্দ্র নামি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলির সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে।

এই প্রকল্পে আবেদনকারীদের এ রাজ্যের ডিপ টেক স্টার্টআপ Deep Tech Startups) গড়ে তোলা ও এতে সহযোগিতা করার সদিচ্ছা থাকতে হবে। সরকারের এই উদ্যোগের ফলে রাজ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), রোবটিক্স, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং ও সেমিকন্ডাক্টর-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির গবেষণায় গতি আসবে বলা আশা করা হচ্ছে। এই প্রকল্পে রাজ্যের রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার উন্নত হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের গবেষকরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ টিকিট ওয়েট লিস্টে থাকলেও যাতায়াত করা যাবে ট্রেনে! বিরাট পদক্ষেপের পথে রেল

এই নয়া উদ্যোগের কারণে এরাজ্যে স্টার্টআপ কালচারের বিকাশ হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের শীর্ষমহল মনে করছে, ‘ফ্রন্টিয়ার রিসার্চ’-এর ক্ষেত্রে বাংলার হৃত গৌরব আবার ফিরিয়ে আনতে পারে এই প্রকল্প। এক সময় দেশের বিজ্ঞান ও প্রযুক্তির পথপ্রদর্শক ছিল বাংলা। বর্তমানে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে শুধু দেশ নয়, আন্তর্জাতিকভাবেও উদ্ভাবন ও গবেষণার মানচিত্রে বাংলার উজ্জ্বল উপস্থিতি তৈরি হবে। ‘চিফ মিনিস্টারস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্যালেন্ট অ্যাট্রাকশন ফান্ড’ পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রির উন্নয়নের এক বিরাট ভূমিকা পালন করতে পারে।