“অন্নপূর্ণা যোজনা থেকে কেউ বঞ্চিত হবে না, বরাদ্দ বাড়াব”, বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) থেকে কেউ বাদ যাবে না। একজনও বঞ্চিত হবে না। এবার রাজ্যের মহিলাদের বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনিতেই ১৯ তারিখের পর অন্নপূর্ণার পোর্টাল খুললেই দেখা যাচ্ছে বেশিরভাগ মহিলার আবেদন বাতিল হয়েছে কিংবা পুনরায় ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। যোগ্য সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা। এবার তাঁদের জন্যই বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসের ১৭ তারিখ থেকে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ, যেহেতু অনেক মহিলার তথ্যে অসংগতি লক্ষ্য করা গিয়েছিল, তাই পুনরায় প্রত্যেকের আবেদন যাচাই-বাছাই করেই ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত এই মাসের টাকা দেওয়া হয়েছে। আপাতত এই ধাপে ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন, তাঁদের তথ্য ভেরিফাই করেই দেওয়া হয়েছে টাকা। সংখ্যায় দাঁড়িয়েছে মোট ১ কোটি ৪৫ লক্ষ। আবার বাদ গিয়েছে ১৭ লক্ষ মহিলার নাম। কিন্তু যাঁদের আবেদন বাতিল হয়েছে বা পুনরায় ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে, তাঁদের কেউ বঞ্চিত হবেন না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই মাসের ১৭ তারিখ টাকা দেওয়া হলেও প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রে আজ তিনি আবার জানিয়েছেন, “প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। যাঁরা এই সামান্য অল্প ভাতার উপর নির্ভর করেন, তাঁদের উপযুক্ত ব্যবস্থা করার চেষ্টা করব। প্রয়োজনে অন্নপূর্ণার জন্য আরও টাকা দেবো।”

আরও পড়ুন: ভবানীপুরের ৮৮ বছরের পুরনো পুজো জবরদখল তৃণমূলের, উদ্ধারের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

এমনকি এইদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “একজন মহিলাও এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। প্রয়োজনে এই প্রকল্পের বরাদ্দ আরও বাড়াব। তৃণমূল জমানায় শুধুমাত্র বঞ্চনার শিকার হয়েছে রাজ্যবাসী। বিজেপি সরকারের আমলে তা হবে না।” উল্লেখ্য, যাঁরা অন্নপূর্ণা যোজনা পাননি, তাঁদের স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় পুনরায় তথ্য ভেরিফিকেশনের কাজ চলছে। সেখান থেকে সরাসরি নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, মোবাইল নম্বর এবং ভোটার ও আধার কার্ডের জেরক্স জমা দিলে যদি সেই মহিলা যোগ্য হন, তাহলে তাঁকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।