আজ থেকেই শুরু চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় পর্বের কাজ, কোন কোন রাস্তা বন্ধ? দেখুন

Published:

Chingrighata Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই একে একে শুরু হচ্ছে বিভিন্ন আটকে থাকা কাজ। সেই তালিকায় একেবারে প্রথমেই রয়েছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের (Chingrighata Metro) অবশিষ্টাংশও। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই গত শুক্রবার থেকে শুরু হয় চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের প্রথম দফার কাজ। নির্ধারিত সময়ের 10 ঘন্টা আগেই তা শেষ করেছিলেন কর্মীরা। আজ অর্থাৎ শুক্রবার থেকে দ্বিতীয় দফার কাজ শুরু হচ্ছে। জানা যাচ্ছে, রাত 8টা থেকে আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত ট্রাফিক ব্লক করে চলবে চিংড়িঘাটা মেট্রোর কাজ।

চিংড়িঘাটার দ্বিতীয় পর্যায়ের কাজে রুট নিয়ন্ত্রণ

মেট্রো রেল সূত্রে খবর, প্রথম ধাপে চিংড়িঘাটা অংশে 317 নম্বর পিলার থেকে 318 নম্বর পিলারে গার্ডার বসানো হয়েছে। এবার দ্বিতীয় পর্বে 318 নম্বর পিলার থেকে 319 নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ চলবে। সেই মর্মে আজ রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করবে প্রশাসন। জানা যাচ্ছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দক্ষিণমুখী রাস্তায় গাড়ির গতিতে যেমন নিয়ন্ত্রণ আনা হবে তেমনই গাড়ি যাতায়াতও নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সূত্রের খবর, মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কার্যের কারণে বাইপাসের দক্ষিণমুখী প্রতিটি গাড়ি স্বাভাবিক ভাবে চলবে। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলিকে রাস্তা পরিবর্তন করতে হচ্ছে না। তবে সল্টলেক, উল্টোডাঙ্গা অথবা এয়ারপোর্টের দিকে যাওয়া গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে গাড়িগুলি উত্তরের দিকে যাওয়া রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যাবে বলেই খবর। একইভাবে সল্টলেক যাওয়ার জন্য উড়ালপুলের রাস্তায় না গিয়ে বিকল্প রাস্তা ধরতে হবে গাড়িগুলিকে।

অবশ্যই পড়ুন: নেই বাগানের কেউই, শ্রেষ্ঠ ফুটবলার থেকে গোলদাতা, সেরার তালিকায় ইস্টবেঙ্গলের দাপট

এখানেই শেষ নয়, সল্টলেক কিংবা নিউ টাউন থেকে বাইপাসের উদ্দেশ্যে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ অভিমুখে যেতে পারবে বাঁ দিক ঘুরে। কারণ উত্তর অভিমুখে যাওয়ার ক্ষেত্রে ডান দিকের রাস্তা বন্ধ থাকবে। তবে ইউ টার্ন নেওয়া যাবে মেট্রোপলিটন ক্রসিং থেকে। এছাড়াও আশেপাশের কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হতে পারে বলেই জানা যাচ্ছে।