ঝুলিয়ে রেখেছিল প্রাক্তন সরকার, দ্বিতীয় ধাপেও দ্রুত শেষ হল চিংড়িঘাটা মেট্রোর কাজ

Published:

Chingrighata Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) অবশিষ্টাংশের কাজ শুরু হয়েছিল। রাজ্যের বর্তমান সরকারের সহযোগিতায় চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক ব্লক করে দফায় দফায় হয়েছে কাজ। প্রথম দফায় চিংড়িঘাটার 317 নম্বর থেকে 318 নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ নির্ধারিত সময়ের 10 ঘন্টা আগেই শেষ করে ফেলেছিল মেট্রো কর্তৃপক্ষ। গত শুক্রবার শুরু হয় দ্বিতীয় দফার কাজ। সেটাও এবার নির্ধারিত সময়ের আগেই সম্পূর্ণ করলেন রেল কর্মীরা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, ভায়াডাক্ট এর যে 62 মিটার শূন্যস্থান ছিল, সেটাই এবার ভরাট করা হয়েছে।

বিরাট কাজ করে ফেলল কলকাতা মেট্রো

গত শুক্রবার রাত আটটা থেকে ট্রাফিক ব্লক করে শুরু হয়েছিল চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় ধাপের কাজ। আর এই দ্বিতীয় পর্বে 318 নম্বর পিলার থেকে 319 নম্বর পিলারের মধ্যে কংক্রিটের চাই বসানোর কাজ সম্ভব হয়েছে। মাত্র 120 ঘণ্টার মধ্যেই এই কাজ করেছে কলকাতা মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। এতদিন তৃণমূল সরকারের আমলে যে কাজটা করতে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে গিয়েছিল কলকাতা মেট্রো, সেই কাজটাই বিজেপি সরকার আসতেই যেন চোখের পলকে শেষ হল।

সূত্রের খবর, ইএম বাইপাসের ব্যস্ততম মোড়ে 62 মিটারের ভায়াডাক্ট এর দুই পিলারের মাঝ বরাবর ফাঁকা জায়গা, ভরাট করে ফেলেছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও এই কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল কর্মীদের পক্ষে। আর এই কাজ শেষ হওয়ার সাথে সাথেই কলকাতা মেট্রো যে অরেঞ্জ লাইনের কাজে এক বিরাট মাইলফলক স্পর্শ করেছে সে কথা বলার অপেক্ষা রাখে না।

বলাই বাহুল্য, মেট্রোর এই অংশের কাজ শেষ করতে না পারলে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো চালানো সম্ভব হচ্ছিল না। তাই চিংড়িঘাটার 366 মিটার অংশের কাজের জন্য ট্রাফিক ব্লক করার অনুমতি চেয়ে বারবার তৎকালীন রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে প্রতিশ্রুতি দিয়েও মেট্রোরেল কর্তাদের ঝুলিয়ে রেখেছিল পূর্বতন সরকার। এ নিয়ে বহুবার আওয়াজ তুলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্য বিজেপির তরফেও চিংড়িঘাটা মেট্রো নিয়ে তৃণমূলের সমালোচনা কম হয়নি। এবার রাজ্যে ক্ষমতায় আসতেই কীভাবে উন্নয়নের কাজ করতে হয় সেটা বুঝিয়ে দিল শুভেন্দু অধিকারীর সরকার।

অবশ্যই পড়ুন: পরমাণু চুক্তির পথে ইরান-আমেরিকা, কতদিনের মধ্যে খুলবে হরমুজ?

প্রসঙ্গত, প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলিয়ে চিংড়িঘাটা মেট্রোর গুরুত্বপূর্ণ অংশের বড় কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে! এখন প্রশ্ন ঠিক কবে নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে? আশা করে যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই এই অংশে শুরু হবে মেট্রো পরিষেবা। তার আগে একগুচ্ছ কাজ রয়েছে মেট্রো রেলের।