উপনির্বাচনের আগেই নন্দীগ্রামে IC বদল করল শুভেন্দুর সরকার, নতুন দায়িত্বে কে?

Published:

nandigram ic

আনিষা চৌধুরী, কলকাতা: রাত পোহালেই নন্দীগ্রামে (Nandigram) উপনির্বাচন। তার ঠিক আগেই বড়সড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ (IC) পদে পরিবর্তন আনা হয়েছে। এতদিন ওই দায়িত্বে থাকা অজয়কুমার মিশ্রকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে দেবাশিস সরকারকে। ভোটের মাত্র একদিন আগে এই বদল ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল।

নতুন IC-কে কী নির্দেশ দিল নির্বাচন কমিশন?

কমিশনের নির্দেশ অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্ত IC-কে অবিলম্বে কাজে যোগ দিতে হবে। এমনকি দেবাশিস সরকারের যোগদানের রিপোর্টও নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তিনি পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইন-চার্জ হিসেবে দায়িত্ব সামলেছেন। এবার উপনির্বাচনের সময়ে নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভালের দায়িত্ব তাঁর কাঁধে।

তবে ভোটের ঠিক আগের দিন কেন অজয়কুমার মিশ্রকে সরানো হল, সেই বিষয়ে কমিশনের নির্দেশিকায় নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি। ফলে আচমকা এই রদবদল নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। এই হঠাৎ পরিবর্তনের পিছনে ঠিক কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছভাবে বাস্তবায়ন করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, একই দিনে উপনির্বাচন হতে চলা মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে এমন কোনও IC বদলের খবর নেই।

নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে এমনিতেই রাজনৈতিক উত্তাপ রয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে নিয়ম অনুযায়ী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে ফের ভোটের প্রয়োজন হয়। এবার বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ।

আরও পড়ুন: বাংলায় কবে ঢুকবে শীত? বিরাট আপডেট হাওয়া অফিসের

মঙ্গলবার নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও উপনির্বাচন হবে। ভোটের আগে দুই কেন্দ্রেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই নন্দীগ্রাম থানার IC বদলের সিদ্ধান্ত নতুন করে নজর কেড়েছে। এখন নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে ভোটের দিন নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সামলানো হয়, সেদিকেই নজর থাকবে। ভোটের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর।

google button