গাড়ি আটকে এলোপাহাড়ি গুলি-বোমাবাজি, নদিয়ায় খুন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

Published:

সহেলি মিত্র, কলকাতা: বড় ঘটনার ঘটে গেল বাংলায়। দুষ্কৃতীদের হাতে খুন হলেন কংগ্রেস নেতা (Congress Leader Death) আনিসুর রহমান ও তাঁর ছেলে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শনিবার রাতে নদিয়ার নাকাশিপাড়ায় ‘খুন’ হয়েছেন আনিসুর রহমান ও আবু সুফিয়ান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই খবরটির ওপর।

ছেলে সহ কংগ্রেস নেতাকে খুন নদিয়ায়

জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন আনিসুর রহমান। এলাকায় তিনি দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন। অন্যদিকে আনিসুর রহমানের ছেলে আবু সুফিয়ান ছিলেন আইনজীবী। বেথুয়াডহরি থেকে ফেরার পথে ছেলে সহ খুন হয়েছেন আনিসুর রহমান। এদিকে ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে কংগ্রেস। স্থানীয় সূত্রে খবর, বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী গাড়িটি ঘিরে ধরে হামলা চালায়। এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ। এদিকে এই অতর্কিত হামলাতেই বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বলে খবর।

তদন্ত শুরু পুলিশের

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা প্রথমে চারচাকা গাড়িটির রাস্তা আটকায়। এর পরে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এলোপাথাড়ি গুলি কয়েক রাউন্ড চলে বলে খবর। এরপর আনিসুর রহমান ও আবু সুফিয়ানকে গাড়ি থেকে টেনে বার করে প্রথমে গুলি এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজনৈতিক দ্বন্দ্ব নাকি কোনও ব্যক্তিগত আক্রোশ থেকে এরকম নৃশংস খুন? তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খুঁজে বের করতে ঘটনাস্থলের আশেপাশের গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন পুলিশ অধিকারিকরা।