নুনের বদলে দেওয়া হল গুঁড়ো সাবান মিড ডে মিলে, খেয়ে অসুস্থ ৪০ স্কুল পড়ুয়া

Published:

Mid Day Meal

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল মিড ডে মিল (Mid Day Meal)! অভিযোগ পড়ুয়াদের পাতে নাকি নুনের বদলে দেওয়া হলো সাবানের গুঁড়ো (Soap Powder in Mid Day Meal)… ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) একটি সরকারি স্কুলে। জানা গিয়েছে ব্যাপক পেট ব্যাথা এবং বমি সংক্রান্ত লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে একাধিক পড়ুয়াদের। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।

নুনের বদলে দেওয়া হয়েছে গুঁড়ো সাবান

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, মঙ্গলবার বিহারের নালন্দা জেলার পারসি মিডল স্কুলে, দুপুরে পড়ুয়াদের মিড-ডে মিলে সয়াবিনের সবজি সরবরাহ করা হয়েছিল। এদিকে সয়াবিনের তরকারিতে নুন কম হয়, পড়ুয়ারা পাতে নুন চাইলে মিড ডে মিলের দায়িত্বে থাকা কর্মীরা গুঁড়ো সাবান দিয়ে দেন। এদিকে খাবারের সঙ্গে ওই ক্ষতিকারক পাউডার পেটে যেতেই দ্রুত অসুস্থ হয়ে পড়ে শিশুরা। কিছুক্ষণের মধ্যে পেটে মারাত্মক যন্ত্রণা ও বমি করতে শুরু করে দেয় বাচ্চারা, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় স্কুল চত্বরে। দ্রুত পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় বিহার শরিফ হাসপাতালে। ভর্তি ৪০ পড়ুয়া, এমতাবস্থায় ফের মিড-ডে মিলের খাবার তৈরির গুণমান নিয়ে ওঠে বড়সড় প্রশ্ন।

চিকিৎসাধীন স্কুলের পড়ুয়ারা

মিড ডে মিলের খাবার খেয়ে পড়ুয়াদের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ভিড় জমান আতঙ্কিত অভিভাবকেরা। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে চিকিৎসকদের একটি বিশেষ দল পড়ুয়াদের পর্যবেক্ষণে রেখেছে এবং আপাতত সব পড়ুয়াই বিপদমুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। এদিকে স্কুল সূত্রে বলা হয়েছে, সম্ভবত স্কুলের কোনও কর্মীই ভুলবশত নুনের বদলে গুঁড়ো সাবান দিয়েছিল পড়ুয়াদের পাতে। আর তা খেয়েই ঘটে বিপত্তি। নালন্দার সিভিল সার্জন ডঃ জয় প্রকাশ সিং জানান, চিকিৎসকদের একটি বিশেষ দল পড়ুয়াদের পর্যবেক্ষণে রেখেছে এবং আপাতত সব পড়ুয়াই বিপদমুক্ত ও চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: অনলাইন গেম খেলেই ভাঙল সংসার, ১৯ বছরের যুবকের প্রেমে ঘরছাড়া একই বাড়ির ৩ গৃহবধূ

গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। তাঁরা মিড-ডে মিলের ব্যবস্থাপনায় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির প্রশ্নে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন। এদিকে খবর পেয়ে হাসপাতালে মঙ্গলবারই পৌঁছোন রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। অসুস্থ পড়ুয়াদের সঙ্গে এবং তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করেন তিনি। পড়ুয়াদের চিকিৎসা যথাযথ ভাবে হচ্ছে কি না তা-ও খতিয়ে দেখার নির্দেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু বারংবার প্রশ্ন উঠছে কীভাবে পড়ুয়াদের খাবার রাখার জায়গায় গুঁড়ো সাবানের প্যাকেট রাখা হল।

google button