বিক্রম ব্যানার্জী, কলকাতা: উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দীঘার জগন্নাথ ধামে (Digha Jagannath Temple) অক্ষয় তৃতীয়ার দিন অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট ব্রহ্ম উৎসব। আর তার আগেই দর্শনার্থীর সংখ্যায় বড় মাইল ফলক অর্জন করল, দীঘার জগন্নাথ ধাম। মন্দির কর্তৃপক্ষের তরফে গত এক বছরে মোট দর্শনার্থীর সংখ্যা প্রকাশ করা হয়েছে। আর তাতেই নজির গড়েছে এই তীর্থক্ষেত্র। আসলে এক বছর পূর্ণ হওয়ার আগেই দীঘার এই মন্দির দর্শন করেছেন 1 কোটি 33 লক্ষেরও বেশি মানুষ।
অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে দীঘার জগন্নাথ মন্দির
গতবছরের 30 এপ্রিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয় দীঘার মন্দিরের। আর তার পর থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি মেদিনীপুরের এই মন্দিরটিতে ভিড় জমান দেশ বিদেশের মানুষজন। শহর কলকাতা থেকে প্রত্যেক মাসেই একটা বড় অংশের মানুষ দীঘার জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামকে দর্শন করতে যান। শুধু শহর কলকাতা নয়, রাজ্যের নানান প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন দীঘায়। এক কথায় বলা যেতে পারে, দেশের অন্যতম বড় তীর্থক্ষেত্রের রূপ নিয়েছে দীঘার জগন্নাথ ধাম। তাও আবার এক বছর পূর্ণ হওয়ার আগেই।
মন্দির কর্তৃপক্ষের দাবি, ভারতের নানান প্রান্ত থেকে ভক্তদের আগমন লেগেই রয়েছে। বিশেষ করে ইসকনের অনুগামীরা বেশিরভাগ সময় এই মন্দিরটি দর্শন করতে আসেন। তাঁদের বক্তব্য, একেবারে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন শুধুমাত্র জগন্নাথ ধামকেই জনপ্রিয় করে তোলেনিই সেই সাথে দীঘাকে একটি বড় তীর্থ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। সেই সাথে ব্যবসা বেড়েছে জগন্নাথ ধামকে কেন্দ্র করে গজিয়ে ওঠা বিভিন্ন হোটেল, বিভিন্ন মালা ফুলের দোকান সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিরও।
অবশ্যই পড়ুন: কোটি কোটি মানুষের সমাগম, বছরপূর্তির আগে বড় মাইলফলক ছুঁল দীঘার জগন্নাথ ধাম
সম্প্রতি ইসকন কলকাতার সহ সভাপতি ও দীঘার জগন্নাথ ধামের প্রধান পুরোহিত রাধারমন দাস জানিয়েছেন, “মাত্র এক বছরের মধ্যে 1.33 কোটিরও বেশি মানুষের যে আগমন হয়েছে তার শুধুই একটা সংখ্যা নয় বরং ভগবান জগন্নাথের এক অসীম কৃপা। বহু মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন অল্প দিনেই।” মন্দির কর্তৃপক্ষের অবশ্য আশা, আগামী বছরগুলিতে দর্শনার্থীদের সংখ্যায় নতুন নতুন রেকর্ড গড়বে দীঘার মন্দির। বলাই বাহুল্য, বর্ষপূর্তি উপলক্ষ্যে অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরে যে বিশেষ অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয়েছে সেই উৎসবকে সামনে রেখে আগামী কিছুদিন দীঘার জগন্নাথ ধামে ভক্তদের যে বিপুল সমাগম হবে সে কথা বলার অপেক্ষা রাখে না।










