বিক্রম ব্যানার্জী, কলকাতা: বারুইপুরের নৃশংস ঘটনায় (Baruipur Rape Case) মূল অভিযুক্ত প্রভাস মন্ডলকে এনকাউন্টার করেছে পুলিশ। তাতে খুশি রাজ্যবাসী। ইতিমধ্যেই প্রভাসের মাও জানিয়েছেন, যেমন কর্ম করেছে, তেমন ফল পেয়েছে ছেলে। এতে তাঁর কোনও দুঃখ নেই। গোটা রাজ্যের বেশিরভাগ মানুষ যেখানে প্রভাসের মৃত্যুতে সন্তুষ্ট, সেই পর্বে দাঁড়িয়ে বর্ষিয়ান আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তুলছেন, আসল সত্য গোপন করার জন্য প্রভাসকে বলি দেওয়া হল না তো? এমনই প্রশ্ন শোনা যাচ্ছে কয়েকজন বুদ্ধিজীবির গলাতেও। এবার তাঁদেরকেই চাঁচাছোলা আক্রমণ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীদের এক হাত নিলেন দিলীপ
বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে এনকাউন্টার প্রসঙ্গে প্রশ্ন করা হয়। একই সাথে পুলিশের এই পদক্ষেপের বিরোধিতা করা বাম নেতা তথা বুদ্ধিজীবীদের মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হয় দিলীপের কাছে। ঠিক তখনই মন্ত্রী জানান, “এরা প্রত্যেকেই আসলে বুদ্ধিজীবীর নামে সমাজ বিরোধী। দোষীরা সাজা পেলে এরা আন্দোলন করতে পথে নেমে যায়। মায়ের থেকে মাসির দরদ বেশি মনে হয়!”
এদিন আরও খানিকটা খোলামেলা ভঙ্গিতে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “সমাজে অপরাধ বেড়েছে কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীদের জন্যই। এদের মাথায় ডিম ছুঁড়ুন।” বলাই বাহুল্য, চিরকালই নিজের ঠোঁট কাটা মন্তব্যের জন্য পরিচিত দিলীপ ঘোষ। এর আগেও বেশ কয়েকবার বিরোধীদের অযৌক্তিক মন্তব্যকে সামনে রেখে একাধিক বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল বিজেপির পুরনো দিনের নেতাকে।
অবশ্যই পড়ুন: ISKCON-র কাছে যায়নি কোনও প্রস্তাব? স্কুলে মিড ডে মিল নিয়ে নয়া তথ্য
উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভরাডুবির পর থেকেই চোর চোর স্লোগানে ঘাসফুল শিবিরের নেতাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ছেন স্থানীয় জনতা থেকে শুরু করে বিজেপি কর্মীরা। এর আগে এই ডিম হামলার শিকার হয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ এমনকি মহুয়া মৈত্রও। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানাচ্ছেন, কাউকে দেখে ডিম ছুঁড়ে মারা বাংলার সংস্কৃতি নয়।










