পার্ক সার্কাসে ফের চলবে বুলডোজার, নোটিশ রেলের! বিপাকে ৫০০ পরিবার

Published:

Park Circus

সহেলি মিত্র, কলকাতা: সিঁদুরে মেঘ দেখছে পার্ক সার্কাসের (Park Circus) কয়েকশো পরিবার। উচ্ছেদ হলে, মাথার অপর থেকে ছাদ চলে গেলে কোথায় যাবেন তাঁরা? এখন এই প্রশ্নই তুলছেন পার্ক সার্কাসের শয়ে শয়ে পরিবার। আসলে তাদের এই দুশ্চিন্তার কারণ হয়েছে পূর্ব রেলের একটি নোটিশ। মূলত শিয়ালদা ডিভিশনের পার্ক সার্কাস স্টেশনের রেললাইনের ধারে বসবাসকারী পরিবারগুলোর ওপর এখন উচ্ছেদের খাড়া নেমে এসেছে। সকলকে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এবার উচ্ছেদ নোটিশ পার্ক সার্কাসের ৫০০টি পরিবারকে

জানা গিয়েছে, উচ্ছেদ অভিযানের আগে ৭ই আগস্টের মধ্যে বাসিন্দাদের জায়গা খালি করার জন্য শিয়ালদহ বিভাগ নোটিশ জারি করেছে। এদিকে এই একটি নোটিশই যথেষ্ট সকলের ঘুম কেড়ে নেওয়ার ক্ষেত্রে। আশঙ্কার প্রহর গুনছে ৫০০টি মতো পরিবার। এত জিনিসপত্র নিয়ে কোথায় যাবেন তাঁরা, কোথায় মাথা গোঁজার ঠাঁই নেবেন, ভেবেই কূল কিনারা পাচ্ছেন না কেউ। সূত্রের খবর, দমদমগামী রেললাইনের পাশের বসতিগুলোতে বসবাসকারী ৫০০ জনেরও বেশি পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাস্তায় কমবে ট্রাকের ঝঞ্ঝাট, বাড়বে ব্যবসা! মাস্টারস্ট্রোক ভারতীয় রেলের

বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই যাদবপুর দমদমসহ বেশ কিছু জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। ছড়িয়ে দেওয়া হয়েছে স্টেশনের আশেপাশের গজিয়ে ওঠা অবৈধ দোকান। হাওড়া, শিয়ালদহ, পার্ক সার্কাস, যাদবপুর এবং দমদমে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। এখন পর্যন্ত এই অভিযানগুলিতে মূলত স্টল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে সর্বস্ব খুইয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন বহু ব্যবসায়ী। কেউ নতুন জায়গায় আস্তানা গেড়েছেন তো আবার কেউ কেউ এখনো অবধি ধাক্কা সামলে উঠতে পারেননি। এরই মাঝে রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “কাজ হবে। অনুগ্রহ করে ৭/৮/২০২৬ তারিখের মধ্যে রেল চত্বর খালি করুন। উচ্ছেদকালে কোনো সম্পত্তির ক্ষতি হলে, রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।”

কী বলছে রেল?

এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, “পার্ক সার্কাস প্ল্যাটফর্ম এবং একটি লেভেল ক্রসিংয়ের মধ্যবর্তী রেললাইনের দুই পাশে বসবাসকারী প্রায় কয়েকশো পরিবারকে নোটিশ জারি করা হয়েছে। এই অবৈধ দখলগুলো রেললাইনের অত্যন্ত বিপজ্জনকভাবে কাছে। ত্রিপল এবং অন্যান্য দাহ্য পদার্থ আগুনের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। অন্য সবকিছুর চেয়ে, এই ঝুপড়িগুলো একটি নিরাপত্তা ঝুঁকি।” পার্ক সার্কাসের ঢাকুরিয়ায় রেললাইনের পাশের বস্তিবাসীদেরও নোটিশ দেওয়া হয়েছে।