বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর, রেড রোডে ইদের অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে আখ্যা দিয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। সনাতন হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে দেশ তথা গোটা বিশ্বের হিন্দুদের অনুভূতিতে ধাক্কা দিয়েছেন তিনি।
মমতার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের আইনজীবির
রেড রোডে ইদের বিশেষ অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে বক্তব্য রাখতে রাখতেই হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে গন্দা বা নোংরা ধর্ম বলার অভিযোগ ওঠে তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে! রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্য নিয়ে আগেই মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের বিজেপি নেতৃত্ব। এবার সরাসরি পদক্ষেপ নিতে দেখা গেল আইনজীবী রিঙ্কিকে।
শিলিগুড়ির বাসিন্দা আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়, সম্প্রতি শিলিগুড়ির সাইবার থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, গত কয়েক বছরে রাজ্যের প্রাক্তন শাসকদলের বহু উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা হিন্দু ধর্মকে আক্রমণ করেছেন। সর্বোপরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মুসলিম ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রাচীন সনাতন ধর্মকে নোংরা বা গন্দা ধর্ম বলে উল্লেখ করেছেন। এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। এর মধ্যে দিয়ে তিনি ভারত তথা গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দুদের ভাবাবেগ এবং অনুভূতিতে আঘাত করেছেন।
অবশ্যই পড়ুন: হাওয়া দিলেই দুলছে, এবার ভাঙা হতে পারে লেকটাউনের ৭০ ফুটের মেসি মূর্তি
কয়েকটি সূত্র মারফত খবর, হিন্দু বা সনাতন ধর্মকে অপমান করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় ফৌজদারি আইনে ভারতীয় দণ্ডবিধির 352 নম্বর ধারায়, শান্তি ভঙ্গ এবং ইচ্ছাকৃত অপমান, 353 নম্বর ধারায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী মন্তব্য, 356 ধারায় মানহানি, 299 ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য বিদ্বেষমূলক কাজ সহ মোট 5টি ধারায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি। এই ঘটনায় অবশ্য তৃণমূলের তরফে কারও প্রতিক্রিয়া মেলেনি।










