বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার সকাল হতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেন নরেন্দ্রপুরবাসী (Fire Incident)! এবার নরেন্দ্রপুরের এক কালি তৈরির কারখানায় লাগল আগুন। খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। হঠাৎ কারখানায় আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করেন তাঁরাই। তবে লেলিহান শিখা নিয়ন্ত্রণে আসছে না দেখে খবর দেওয়া হয় দমকল কর্তৃপক্ষকে। পরবর্তীতে তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
কীভাবে লাগল আগুন?
নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুরের একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ওই কারখানার ভেতরে কালি তৈরির নানান রকম রাসায়নিক এবং দাহ্য পদার্থ মজুর ছিল। এছাড়াও ছিল বেশ কিছু কাগজও। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। এদিকে দ্রুত গতিতে আগুনের শিখা গোটা কারখানায় ছড়িয়ে পড়ছে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত কর্মীরা। ভয়ে যে যেদিকে পারেন ছুড়তে থাকেন।
পুলিশ সূত্রে খবর, দমকল বিভাগের কর্মীরা তৎপরতার সাথে তুলনামূলকভাবে অনেকটা কম সময়েই কারখানার ওই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কারখানার কর্মীদের তরফে জানানো হয়েছে, দমকল যদি সঠিক সময়ে না আসতো সেক্ষেত্রে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।
অবশ্যই পড়ুন: মুসলিম দেশগুলির জন্য বড় শর্ত দিলেন ট্রাম্প, প্রত্যাখ্যান করল পাকিস্তান!
উল্লেখ্য, গত এপ্রিলের মাঝেমাঝি সময় একইভাবে আগুন লেগেছিল নরেন্দ্রপুরের একটি কারখানায়। যেই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইঞ্জিন। দমকল আধিকারিক এবং সোনারপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনাটি যখন ঘটে সেই সময় গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে কার্টন মজুদ ছিল। অনুমান করা হয়েছিল, সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।










