এবার থেকে ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত! মা ক্যান্টিনের মেনুতে বড় বদল

Published:

Fish thali in 5 rupees Maa Canteen menu

বিক্রম ব্যানার্জী, কলকাতা: করোনাকালের কথা। কঠিন সময়ে পথ চলতি দরিদ্র মানুষের পেটে দু’মুঠো অন্ন তুলে দিতে মা ক্যান্টিন (Maa Canteen) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে 5 টাকা দিলেই মিলতো ভর পেট ডিম ভাত। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মেনুতে এল বড় বদল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের আমলে মা ক্যান্টিন বন্ধ তো হচ্ছেই না বরং ডিম ভাতের বদলে মেনুতে জুড়ছে মাছ-ভাত। সম্প্রতি মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এবার থেকে 5 টাকা দিলেই মাছ ভাজ পেয়ে যাবেন সকলে।

হঠাৎ কেন মাছ ভাত দেওয়ার সিদ্ধান্ত বিজেপি সরকারের?

বেশি দিনের কথা নয়। এবারের বিধানসভা নির্বাচনের আগে কিছু বিক্ষিপ্ত এবং বিতর্কিত ঘটনাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে বাংলায় আমিষ খাবারের চল অর্থাৎ মাছ খাওয়া বন্ধ করে দেওয়ার প্রচার চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৎকালীন শাসকদলের তরফে বলা হয়েছিল, বিজেপি সরকার ক্ষমতায় এলেই বাঙালি তাঁর প্রিয় মাছ ভাত খাওয়ার অধিকার হারাবে। যদিও বিজেপির তরফে বারবার আমজনতাকে আশ্বস্ত করা হয়েছে, এই ধরনের ভুয়ো প্রচারে কান দেবেন না। বিজেপি এলে প্রত্যেকের স্বাধীনতা থাকবে। যে যেটা খুশি খেতে পারেন।

তৃণমূল সরকারকে হটিয়ে ক্ষমতায় আসার পরই নিজেদের কথা রাখছে বিজেপি। বাঙালির মাছ খাওয়া নিয়ে যে প্রচার তৃণমূলের তরফে চালানো হয়েছিল, সেটা যে ভুল তা প্রমাণ করতেই এবার মন্ত্রী দিলীপ ঘোষ একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, এবার মা ক্যান্টিনের মেনুতে বদল করা হবে। এখন থেকে 5 টাকায় মিলবে মাছ-ভাত। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হবে খাবারের পরিমাণও। মন্ত্রীর বক্তব্য, অর্থের অভাবে যাতে কাউকে অভুক্ত না থাকতে হয় সেদিকেই নজর দেবে তাদের সরকার।

অবশ্যই পড়ুন: প্রতীক্ষার অবসান, পুনরায় হাবড়া-নৈহাটি রুটে চালু হচ্ছে WBTC-র বাস, কবে থেকে?

কবে থেকে মা ক্যান্টিনে পাওয়া যাবে মাছ-ভাত?

মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছেন মা ক্যান্টিনে মাছ ভাত চালু করতে হবে। ফলে দ্রুত এই মেনু চালু হয়ে যাবে সেখানে। তবে মাছ, ভাতের সাথে সাথে অন্যান্য দিন মিলবে ডিমও। সেক্ষেত্রে আপাতত 5 টাকাতেই সমস্ত খাওয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে পরবর্তীতে প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়লে সেটা পরে বিবেচনা করে দেখবে রাজ্য। সেক্ষেত্রে আপাতত সরকারের সিদ্ধান্তে 5 টাকা খরচ করেই মাছে ভাতে পেট ভরাতে পারবেন আমজনতা।