বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় আসতেই একে একে সবকটিই পূরণ করছে শুভেন্দু অধিকারীর সরকার (Government Of West Bengal)। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সীমান্তে বেড়া দেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে পর্যাপ্ত জমি হস্তান্তর। ক্ষমতায় এসেই প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, 45 দিনের মধ্যেই BSF-কে পর্যাপ্ত জমি হস্তান্তর করা হবে। সেইমতোই চলছে প্রক্রিয়া। এরই মাঝে এবার উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ চিকেন নেকের নিরাপত্তা বাড়াতে শিলিগুড়ি করিডোরের (Siliguri Corridor) 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তরের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
দেশের সুরক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের
চিকেন নেক ভারতের জন্য ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই চিকেন নেককে ঘিরে রয়েছে নেপাল, ভুটান, চিন এবং বাংলাদেশ। মূলত একাধিক দেশের সাথে ভারত এই অংশে সীমান্ত ভাগ করায় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দিয়ে ভারতে অস্ত্রশস্ত্র, মাদক সহ অন্যান্য বেআইনি দ্রব্য পাচারের ঝুঁকি থাকে। তাছাড়াও এই অংশে ভারতকে দুর্বল করতে বিভিন্ন জঙ্গি সংগঠন নজর রেখেছে শিলিগুড়ি করিডোরের উপর। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং চিনের টার্গেটে রয়েছে ভারতের এই গুরুত্বপূর্ণ অঞ্চল। ফলে সব মিলিয়ে, চিকেন নেকে নিরাপত্তা জোরদার করতে তৎপর কেন্দ্রীয় সরকার।
বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যে এসে চিকেন নেকের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয় এই ইস্যুতে, রাজ্যের পূর্বের সরকারকে তুলোধোনা করেন তিনি। তবে রাজ্যে পালাবদল হতেই এবার চিকেন নেককে বাড়তি নিরাপত্তায় ঢেলে সাজাতে কেন্দ্রকে জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিল রাজ্যের বিজেপি সরকার। সূত্রের খবর, সরকারি সিদ্ধান্তে ইতিমধ্যেই কেন্দ্রের হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে, জমির পাশাপাশি দেশের সুরক্ষার্থে রাজ্যের হাতে থাকা সাতটি ন্যাশনাল হাইওয়েও তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রের হাতে।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গল এই কাজ করলেই কোচ হিসেবে থেকে যাবেন অস্কার ব্রুজো
প্রসঙ্গত, বাংলাদেশের গত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস এর আগে বেশ কয়েকবার ভারতের চিকেন নেক নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। তা থেকে বোঝাই যায় বাংলাদেশের টার্গেট রয়েছে এই অঞ্চল। সবচেয়ে বড় কথা, চিন বিগত বছরগুলিতে ভারতের এই অংশে কড়া নজর রেখেছে। সবমিলিয়ে, দেশের সুরক্ষা স্বার্থে কেন্দ্রকে রাজ্যের জমি হস্তান্তরের এই পদক্ষেপ চিনের মতো শত্রুদের জন্য বড় ধাক্কা সে কথা বলাই যায়!










