টোটোর পর এবার মোটর ভ্যানের ওপর নামল শাস্তির খাঁড়া, কড়া পদক্ষেপ সরকারের

Published:

Arjun Singh on Motor Van

অনন্যা সরকার, কলকাতা: টোটোর পর এবার পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর মোটর ভ্যানগুলিকে (Motor Van) নিয়েও কড়া পদক্ষেপ নিতে চলেছে। দফতরের তরফে কিছুদিন আগেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, আর এবার মোটর ভ্যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সরকার। বৃহস্পতিবার রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, পরিবহন দফতর মোটর ভ্যান চালকদের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে।

মোটর ভ্যান নিয়ে করা সিদ্ধান্ত পরিবহন মন্ত্রীর 

বৃহস্পতিবার (২০ আগস্ট) নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি চাকরি মেলায় উপস্থিত ছিলেন অর্জুন সিং। কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মেলায় সাংবাদিকদের সম্মুখীন হয়ে পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যের মানুষ চাকরি পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন এবং নানা সমস্যারও সম্মুখীন হচ্ছিলেন। সরকারের থেকে কিছুই পাওয়ার নেই – এই ধারণাটি তৈরি হয়েছিল, যা সম্পূর্ণ ভুল। তরুণ প্রজন্মকে এই মানসিকতা থেকে বের করে সঠিক পথে চালিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। 

আরও পড়ুন: আগস্টে টানা ৩ দিন ছুটির সুযোগ বাংলার স্কুল পড়ুয়া থেকে কর্মীদের, দেখুন হলিডে লিস্ট

এরপর অর্জুন সিং মোটর ভ্যানের যথেচ্ছ চলাচলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। চালকদের উদ্দেশে তিনি বলেন, রাজ্য ও জাতীয় সড়কে আগেই টোটো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার মোটর ভ্যানগুলিকেও সতর্ক করা হচ্ছে। কোনো ধরনের অবৈধ মোটর ভ্যান আর রাস্তায় চলতে দেওয়া যাবে না। প্রতিটি চালককে নিয়ম মেনে বৈধ সরকারি লাইসেন্স সহ দূষণমুক্ত যানবাহন ব্যবহার করতে হবে। এর জন্য তিন মাসের গ্রেস পিরিয়ড বা ছাড় দেওয়া হয়েছে। তারপরও পরিবহন দপ্তরের নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এর পাশাপাশি অর্জুন সিং জানান, মোটর ভ্যানের কারণে চারদিকে দূষণ ছড়াচ্ছে। এটাকে পুরোপুরি বন্ধ করাই দফতরের লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেন, এই ভ্যানগুলি রাস্তায় চলতে দেওয়া হবে না। পরিবহন মন্ত্রী চালকদের এক থেকে দেড় মাসের মধ্যে পিক-আপ ভ্যান কিনে সেগুলোর রেজিস্ট্রেশন করার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করিয়ে দেন যে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে অটো এবং আট-নয় জন যাত্রী বহনে সক্ষম ম্যাজিক ভ্যানের মতো ১০০টি যানবাহনের জন্য পারমিট দেওয়া হবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: ১০০ কোটি বিনিয়োগ করে বক্সা দুর্গে তৈরি হবে নেতাজি সংগ্রহশালা, বড় উদ্যোগ রাজ্য সরকারের

অর্জুন সিংয়ের কথায়, সরকারি নিয়ম মেনে চললে কোনো সমস্যা হবে না। কাউকে এক পয়সাও ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। ইউনিয়ন বা গুণ্ডাদের টাকা না দেওয়ায় নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি নিয়ম ও আইন মেনে চললেই যথেষ্ট। তিনি এও জানান যে, পুজোর আগেই প্রায় ৬০০টি গাড়ি চালু করা হচ্ছে এবং ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে মোট ১,০০০টি গাড়ি রাস্তায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।