কপাল খুলবে বাংলার যুবদের, বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের

Published:

Government of West Bengal

সহেলি মিত্র, কলকাতা: বিভিন্ন দফতরে শূন্যপদ কয়টি রয়েছে? তা নিয়ে এবার বিশদে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্যে শূন্যপদ পূরণে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। যে কারণে এবার সমস্ত দফতরের কাছে শূন্যপদের রিপোর্ট তলব করল সরকার। আগামী ৩ জুন, ২০২৬-এর মধ্যে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দফতর, ডিরেক্টরেট ভিত্তিক আলাদা করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সরকার। প্রশাসনিক কাজে গতি বাড়াতেই নবান্নের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। রাজ্য সরকারের এই উদ্যোগে বাংলার বেকার যুবদের যে কপাল খুলতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

দফতরগুলিকে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্য অর্থ বিভাগের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে যে, এই উদ্যোগের লক্ষ্য হলো দফতরগুলিতে দক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত করা এবং দীর্ঘ সময় ধরে অমীমাংসিত থাকা বিপুল সংখ্যক শূন্যপদ ভরাট করা। নির্দেশিকা অনুযায়ী, “প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং দক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন বিভাগে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।”

৩ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব কর্তৃক ২২শে মে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বিভাগগুলিকে তাদের বর্তমান শূন্যপদের অবস্থার একটি বিস্তৃত পর্যালোচনা করতে হবে এবং একটি পূর্ণাঙ্গ রিপোর্ট ৩ জুনের মধ্যে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যেহেতু উল্লেখযোগ্য সংখ্যক পদ দীর্ঘ সময় ধরে শূন্য রয়েছে, তাই বর্তমান শূন্যপদের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা অপরিহার্য।”

আদেশ অনুযায়ী, বিভাগীয় কার্যালয়, অধিদপ্তর এবং আঞ্চলিক কার্যালয়গুলোর জন্য পৃথক শূন্যপদের বিবরণ প্রস্তুত করতে হবে। সরকার এও জোর দিয়েছে যে, সরাসরি নিয়োগের প্রস্তাবের পেছনে অবশ্যই যথাযথ যুক্তি থাকতে হবে।

আরও পড়ুনঃ হিলি থেকে নন্দীগ্রাম, বাংলায় থমকে থাকা ৬১টি রেল প্রকল্পের জমি হস্তান্তরের নির্দেশ সরকারের

এই বিষয়ে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, ‘৩ রা জুনের মধ্যে প্রতিটি দপ্তরের থেকে শূণ্য পদের তথ্য চাইল সরকার। অর্থাৎ অচলাবস্থা থেকে মুক্তি শুরু।শিক্ষিত যোগ্য বেকারদের যন্ত্রণা মুক্তির পদ্ধতি শুরু। বিজেপি নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পূরণের বাস্তবতা দেখছেন মানুষ। ধাপে ধাপে আরো ভাল খবর নিশ্চিত করবে বিজেপির সরকার। ধন্যবাদ পশ্চিমবঙ্গবাসীকে বিজেপির ওপর ভরসা রাখার জন্য।