এবার DA-র জন্য খুলল হেল্প ডেস্ক, সরকারের উপর চাপ বাড়াতে বড় প্ল্যান কর্মীদের

Published:

Dearness Allowance

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একধাক্কায় ২০% ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সংশয় কাটছে না রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের। এবার সেই সমস্যা সমাধানের উপায় জানাল রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ। হ্যাঁ, আজ সংগঠনের তরফ থেকে ডিএ হেল্পডেস্ক নামে কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করা হয়েছে। যেখানে সরাসরি ডিএ সংক্রান্ত তথ্য জানা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

বড় উদ্যোগ সংগ্রামী যৌথ মঞ্চের

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই শুভেন্দু অধিকারীর সরকার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ২০% বাড়িয়েছে। নতুন হারে ডিএ কার্যকর হবে ৩৮%। কিন্তু তাও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেকটাই কম। আগামী অক্টোবর মাস থেকেই এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে রাজ্যের বাজেটে। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তি বকেয়া মহার্ঘ ভাতা এবং বেতন কমিশনের টাকা ইতিমধ্যেই আনুমানিক ৩ লক্ষ সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

তবে এবার সেই বকেয়া নিয়েই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করা হয়েছে। এই নম্বরগুলি হল ৯৭৩৪৫৩৪০৬৮, ৭০০১৯৬১০৬০, ৮০০১৭৯৩৭৮৮, ৯৪৭৪৩০৫৬৬৫। জানানো হয়েছে যে, সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এমনকি যৌথ মঞ্চের তরফ থেকে একটি ইমেইল দেওয়া হয়েছে। sjmdahelpdesk@gmail.com এই ইমেলের মাধ্যমেও সমস্যার কথা জানানো যাবে।

আরও পড়ুন: দেশজুড়ে ১০১ ‘মোবিলিটি সিটি’ গড়বে কেন্দ্র, তালিকায় বাংলার ৫ শহর, কোন কোনটি?

এদিন সংগ্রামী যৌথ মঞ্চের মূল মুখ ভাস্কর পাল লেখেন, মহামান্য সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা আপাতত সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে। এর মধ্যে পড়ছে কলকাতা কর্পোরেশন এরিয়ার ব্যাঙ্ক থেকে যাদের পেনশন হয় তাঁরা, পিডব্লিউডি ও সেচ দপ্তরের workcharge কর্মচারী, হোমগার্ড এবং সরকার পোষিত ক্ষেত্রের কর্মীরা পাননি। তবে সবাইকে ভুল হিসাব করে প্রাপ্যের থেকে অনেক টাকা কম মেটানো হয়েছে। যারা যারা মনে করছেন আমাদের হিসেবে গোলমাল রয়েছে, তারা আমাদের দেওয়া হেল্পডেক্স নম্বরে ফোন করে আপনাদের তথ্য দিন। এগুলো নিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করেই সঠিক হিসেবে বকেয়া প্রদানের ব্যবস্থা নেবে সংগ্রামী যৌথ মঞ্চ।