অনলাইনে কীভাবে চেক করবেন কৃষক বন্ধুর স্ট্যাটাস? জেনে নিন উপায়

Published:

Krishak Bandhu

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। এমনকি সেখানে বিভিন্ন রকম তথ্য চাওয়া হচ্ছে। তবে অনেক কৃষকের মনেই প্রশ্ন আসছে যে, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করা যাবে? আসলে অনলাইনের মাধ্যমেই এখন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। এর জন্য সাইবার ক্যাফে বা বিডিও অফিসে যাওয়ার দরকার পড়বে না। জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক

প্রসঙ্গত জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে নিবন্ধিত কৃষকদের তথ্য আবারও রাজ্য সরকারের তরফ থেকে যাচাই করা হচ্ছে। এমনকি এর জন্য ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ব্যবহার করা হয়েছে। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হল প্রকৃত সুবিধাভোগীদেরকে সনাক্ত করে অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া। বর্তমানে এই ফর্ম পূরণ করেই স্থানীয় ব্লক অফিস বা বিডিও অফিসে জমা দিতে হচ্ছে। তবে যারা স্ট্যাটাস চেক করবেন তাদেরকে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (krishakbandhu.wb.gov.in) ভিজিট করুন।
  • এরপর ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, কৃষক বন্ধুর আইডি, মোবাইল নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর ইত্যাদির মধ্যে যে কোনও একটি আপনাকে সিলেক্ট করতে হবে।
  • এরপর যেটি সিলেক্ট করেছেন সেই নম্বরটি লিখতে হবে।
  • এরপর ‘I’m not a robot’ অপশনটিতে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
  • এটুকু করলেই আপনার স্ক্রিনে কৃষক বন্ধু সংক্রান্ত তথ্য দেখা যাবে। এমনকি আপনার টাকা ঢুকেছে কিনা সেই তথ্য সহজে সেখান থেকে দেখে নিতে পারবেন।

আরও পড়ুন: “যা মনে হয় তাই করে” মমতার সঙ্গ ছেড়েই অভিষেককে নিয়ে বিস্ফোরক মদন মিত্র!

কারা পাবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা?

জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের যে কোনও কৃষক এই প্রকল্পের আওতায় সুবিধার জন্য আবেদন করতে পারে। তবে অবশ্যই তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং কৃষকের নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। আর এই প্রকল্পের আরও বড় সুবিধা হল, যাদের নিজস্ব জমি নেই কিন্তু ভূমিহীন কৃষক বা ভাগচাষী হিসেবে কাজ করেন তারাও সুবিধা পান।