প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার (Government Of West Bengal) ক্ষমতায় আসতেই জনগণের স্বার্থে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়িত করে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাদ যাচ্ছে না বাংলার কৃষকেরাও, এতদিন ধরে যাঁরা কৃষকবন্ধু (Krishak Bandhu) প্রকল্পের সুবিধা ভোগ করে আসছিলেন, এবার সেই উপভোক্তারাই PM Kishan বা কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অন্তর্ভুক্ত হবেন। তবে তার জন্য আগে হবে ভেরিফিকেশন (Verification)। জানা গিয়েছে, প্রশাসন এবার কৃষকবন্ধু প্রকল্পের অধীনে থাকা সমস্ত সুবিধাভোগীদের তথ্য ভেরিফিকেশন করবে।
ভেরিফিকেশন ফর্মে কোন কোন তথ্য দরকার?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, রাজ্যে পিএম কিসান যোজনার অন্তর্ভুক্তির জন্য কৃষকবন্ধু প্রকল্পের অধীনে থাকা সমস্ত সুবিধাভোগীদের স্বার্থে ইতিমধ্যেই একটি ভেরিফিকেশন ফর্ম প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে সুবিধাভোগীর সমস্ত তথ্য প্রদান করার পাশাপাশি কৃষক বন্ধু আইডি নম্বর উল্লেখ করতে হবে। আর সবটা যাচাই হয়ে গেলে একটি সিরিয়াল নাম্বার দেওয়া হবে। জানা গিয়েছে ফর্ম সাবমিট করার সময় যে সকল তথ্য চাওয়া হবে সেগুলি হল উপভোক্তার নাম এবং বাবা অথবা স্বামী অথবা স্ত্রী বা অভিভাবকের নাম, আধার নম্বর এবং EPIC নম্বর, মোবাইল নম্বর, জমির এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য। এছাড়াও আবেদনকারী আয়কর প্রদান করেন কি না তা উল্লেখ করতে হবে এবং সবশেষে উপভোক্তার স্বাক্ষর দিতে হবে।
নথি হিসেবে কী কী দিতে হবে?
ভেরিফিকেশন ফর্মের সঙ্গে যে সকল তথ্যের কপি দিতে হবে, সেগুলি হল — আবেদনকারীর ভোটার কার্ড এবং আধার কার্ড এবং স্বামী বা স্ত্রী বা অভিভাবকের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স, আবেদনকারী ও তাঁর স্বামী বা স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জমির ROR বা খতিয়ানের কপি এবং জমি সংক্রান্ত নথির জেরক্স। আর অবশ্যই ফর্মে উল্লেখ করতে হবে কৃষক বন্ধু আইডি নম্বর। অনেকেই আবার এই আইডি নম্বর খুঁজে না পাওয়ায় সমস্যায় পড়েছেন। তবে চিন্তা নেই, অনলাইনেই সেই তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: বিদেশি চাকরি ছেড়ে পরপর দু’বার ইউপিএসসি ক্র্যাক, আজ সফল IAS অফিসার
অনলাইনে কৃষক বন্ধু ID কীভাবে মিলবে?
প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে কৃষক বন্ধু প্রকল্পের https://krishakbandhu.wb.gov.in/farmer_search লিঙ্কে যেতে হবে। সেখানে হোম পেজে “নথিভুক্ত কৃষকের তথ্য” বা ”Registered Farmer Information” অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আরও একটি পেজ খুলবে সেখানে আধার নম্বর, ভোটার নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যে কোনও একটি নির্বাচন করে নিতে হবে। এবার নির্বাচিত আইডেন্টিটি কার্ড নম্বরটি বক্সে লেখার পর “I’m not a robot” (reCAPTCHA) বক্সে টিক চিহ্ন দিয়ে নীচের Search বাটনে ক্লিক করুন। ব্যাস, তাহলেই সংশ্লিষ্ট কৃষকের নাম ও তাঁর নির্দিষ্ট KB ID নম্বর পাওয়া যাবে।










