কাকদ্বীপ – গঙ্গাসাগর রেললাইনের চূড়ান্ত জরিপের অনুমোদন দিল রেল, ৩৪ কিমি পথে দীর্ঘতম সেতুর পরিকল্পনা

Published:

Kakdwip-Gangasagar rail line

অনন্যা সরকার, দক্ষিণ ২৪ পরগনা: সম্প্রতি ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের কাকদ্বীপ ও গঙ্গাসাগরকে সংযুক্তকারী প্রস্তাবিত নতুন রেললাইনের (Kakdwip-Gangasagar rail line) জন্য ‘ফাইনাল লোকেশন সার্ভে’ (FLS)-এর অনুমোদন দিয়েছে। অর্থাৎ, রেল ট্র্যাক নির্মাণের স্থান চূড়ান্ত করার জন্য জায়গাটি শেষবারের মতো জরিপ করা হবে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রস্তাবিত রেলপথে হুগলি নদীর ওপর প্রায় ৪.৫ কিলোমিটার দীর্ঘ একটি বড় সেতু তৈরির পরিকল্পনা করা হয়েছে। নির্মাণ সম্পন্ন হলে, এই সেতুটি দেশের অন্যতম দীর্ঘ রেলসেতু হবে বলে আশা করা হচ্ছে।

কাকদ্বীপ – গঙ্গাসাগর রেললাইন বাস্তবায়নের আরো কাছাকাছি

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, এই প্রস্তাবিত রেলপথটি গঙ্গাসাগরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। শুধু পুণ্যার্থীরা নন, এই রেলপথের মাধ্যমে ওই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন হতে চলেছে। রেল মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নতুন রেললাইনটি সাগর দ্বীপে যাতায়াত করা সহজতর করে তুলবে, যা পর্যটন, আঞ্চলিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে।

উল্লেখ্য, সাগর দ্বীপে অবস্থিত গঙ্গাসাগর একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র ও পর্যটন কেন্দ্র, যা গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় গড়ে উঠেছে। প্রতি বছর মকর সংক্রান্তির সময় সারা দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রীরা পুণ্যলাভের আশায় এই স্থানে আসেন। এই মিলনস্থলে তাঁরা পূণ্যস্নান করেন এবং কপিল মুনির আশ্রমে পুজো দেন। বর্তমানে মূল ভূখণ্ড থেকে গঙ্গাসাগর দ্বীপে পৌঁছাতে হলে ফেরিতে করে মুড়িগঙ্গা নদী পার হতে হয়, তারপর সড়কপথে বাকি রাস্তা যেতে হয়।

আরও পড়ুন: এবার ট্রেনেই কেদারনাথ-বদ্রীনাথ? ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পে মিলল বড় সাফল্য

কাকদ্বীপ-গঙ্গাসাগর রেল প্রকল্পটি তীর্থস্থান ও পর্যটন কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ভারতীয় রেলের একটি বৃহত্তর উদ্যোগের অংশ। এই প্রকল্পের অধীনে উত্তরাখণ্ডের ১২৫ কিলোমিটার দীর্ঘ ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেললাইনটি নির্মাণ করা হচ্ছে, যা ঋষিকেশের সঙ্গে দেবপ্রয়াগ ও কর্ণপ্রয়াগের পাশাপাশি গাড়োয়াল অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সংযুক্ত করবে।

উল্লেখ্য, শনিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গিতিকা পান্ডে অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে নিয়ে নামখানা ও কাকদ্বীপ রেল স্টেশনে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতির দিকগুলো খতিয়ে দেখেন। যাত্রীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং রেল পরিষেবা যথাযথ রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেলের কর্মকর্তারা নামখানা স্টেশন চত্বর, প্রবেশ ও প্রস্থানের পথ, প্ল্যাটফর্ম, সংযোগকারী রাস্তা এবং যাত্রীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন করে দেখেন। একইভাবে কাকদ্বীপ স্টেশনও ঘুরে দেখেন তাঁরা। এছাড়া, স্টেশনগুলিতে ট্রেন চলাচল ব্যবস্থা, সিগন্যালিং প্যানেল এবং ইন্সপেকশন রেজিস্টারগুলোও পরীক্ষা করে দেখা হয়।

google button