বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও যাতে মেট্রোর সুবিধা পেতে পারে সেটা নিশ্চিত করতেই একপ্রকার উঠে পড়ে লেগেছে রেল (Indian Railways)। সেই মতোই শুরু হয়েছে কাজ! গতকাল অর্থাৎ বুধবার পূর্ব রেলের তরফে একগুচ্ছ নতুন ট্রেনের ঘোষণা করেন শিয়ালদহ ডিভিশনের DRM রাজীব সাক্সেনা। এদিনই হাসনাবাদ শাখার যাত্রীদের জন্যেও বড় ঘোষণা করেছিল পূর্ব রেল (Hasnabad Metro Connection)। রেলের ঘোষণায় এবার হাসনাবাদের যাত্রীরাও সরাসরি মেট্রোর সুবিধা পেতে পারবেন।
সরাসরি মেট্রোর সুবিধা পাবেন হাসনাবাদের যাত্রীরা
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে হাসনাবাদের যাত্রীরা যাতে সরাসরি মেট্রোর সুবিধা পেতে পারেন সেজন্য এবার থেকে বারাসাত-হাসনাবাদ 33319 নম্বরের লোকাল ট্রেনটি বারাসাত স্টেশনের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে। বিকেল 5টা বেজে 24 মিনিটে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে সন্ধ্যা 7টা 20 মিনিটে হাসনাবাদে পৌঁছবে।
রেলের এমন উদ্যোগের ফলে, হাসনাবাদ থেকে ট্রেনে চেপে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে সরাসরি মেট্রো ধরতে পারবেন যাত্রীরা। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে বারাসাত পর্যন্ত একটি নতুন লোকাল ট্রেনের পরিষেবাও চালু হচ্ছে। মনে করা হচ্ছে পিক আওয়ারে এই ট্রেন হাসনাবাদের যাত্রীদের বারাসাত স্টেশন থেকে তুলে সরাসরি মেট্রো পরিষেবায় যুক্ত করবে। সব মিলিয়ে, অফিস টাইমে হোক কিংবা দিনের পিক সময়ে মেট্রো ধরতে সমস্যা হবে না হাসনাবাদের যাত্রীদের।
অবশ্যই পড়ুন: আর ছোঁয়া যাবে না মা তারাকে, তারাপীঠ মন্দিরে বদলে গেল একাধিক নিয়ম
উল্লেখ্য, বুধবার হাসনাবাদের যাত্রীদের স্বার্থে নতুন ট্রেন ঘোষণা করার পাশাপাশি শিয়ালদহ-বারাসাত রুটে নতুন একটি এসি লোকাল চালু করার ঘোষণা করেছে পূর্ব রেল। জানা যাচ্ছে, বনগাঁ শাখার এই ব্যস্ত রুটে যাত্রীদের দ্রুত এবং আরামদায়ক পরিষেবা উপহার দিতে এই বিশেষ ট্রেন চালু করতে চলেছে রেল। এই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে সকাল 10:03 এ ছাড়বে। অন্যদিকে বারাসাত থেকে ফেরার পথে এই ট্রেন ছাড়বে 11:29 এ।










