রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা, শিয়ালদহ স্টেশনে পৌঁছল রেলের ভ্রাম্যমাণ খাবারের স্টল

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই একের পর এক স্টেশনে চলছে রেলের (Indian Railways) হকার উচ্ছেদ কর্মসূচি। এরই মাঝে ভারতীয় রেলের একটি সূত্র দাবি করছে, খুব শীঘ্রই স্টেশনের প্রবেশপথে অর্থাৎ ঢোকার মুখে চুক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ স্টল (Ready To Move Food Stall) বসাবে রেল। আগেই শোনা গিয়েছিল, প্রাথমিকভাবে শিয়ালদহ এবং কলকাতা অর্থাৎ চিৎপুর স্টেশনে বসবে এই ভ্রাম্যমান স্টল। এবার প্রকাশ্যে এল সেই স্টলের প্রথম ঝলক।

কেমন হবে রেলের ভ্রাম্যমাণ স্টল?

পূর্ব রেল সূত্রে খবর, যাত্রীরা যাতে ন্যায্য মূল্যে খাবার পেতে পারেন সেজন্য স্টেশনে ঢোকার মুখে চুক্তির ভিত্তিতে বেশ কিছু ভ্রাম্যমাণ স্টল বসানো হবে। প্রথমভাগে শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে বসবে এই স্টল। রেলের এই স্টল হবে মূলত দোতলা। নিচের অংশে খাবার কিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। এক কথায়, টেক অ্যাওয়ে কাউন্টার হবে নিচের ফ্লোরে। এবং উপরের অংশে বেশ কয়েকজন যাত্রী বসে খাওয়া-দাওয়া করতে পারবেন।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছেছে রেলের ভ্রাম্যমাণ একটি স্টল ভ্যান। চার চাকা বিশিষ্ট ওই স্টলটিকে এক স্থান থেকে অন্য স্থানে সহজেই নিয়ে যাওয়া সম্ভব। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ রঙের স্টল ভ্যানের সামনের একাংশ কাঁচ দিয়ে ঢাকা। ঠিক ওই অংশ দিয়েই খাবার দাবার কিনতে পারবেন ক্রেতারা। এছাড়াও পাশ থেকে উপরের দিকে উঠে গিয়েছে একটি সিঁড়ি। ওই সিঁড়ি দিয়েই পৌঁছানো যাবে স্টলের উপর তলায়। যেখানে অল্প কয়েকজন যাত্রীর বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্টলটির উপরে রয়েছে পর্যাপ্ত লাইট ও জলের ব্যবস্থাও।

অবশ্যই পড়ুন: ইতিহাস গড়বেন বৈভব! কোথায় দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজ?

সব মিলিয়ে বলা যায়, এবার শিয়ালদহ স্টেশনে নেমে খিদে পেলে এক ছুটে চলে যেতে পারেন রেলের ভ্রাম্যমাণ স্টলটিতে। সেখানে বসে অথবা খাবার কিনে নিয়ে দাঁড়িয়েও খেয়ে নিতে পারবেন আপনি। রেল সূত্রে যা খবর, আপাতত শিয়ালদহ স্টেশনে দুটি ভ্রাম্যমাণ স্টল বসবে। ভবিষ্যতে চাহিদার কথা মাথায় রেখে এই স্টলের সংখ্যা বাড়ানো হবে। মূলত 5 বছরের জন্য এই স্টল বসানোর অনুমতি দেবেন রেল।