সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যেই কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে (Iscon)। পাইলট প্রজেক্ট হিসেবে তা চালু করা হয়েছিল। তবে কলকাতার পর এবার পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ইসকনকে মিড-ডে মিলের বরাত দেওয়া হবে বলে খবর। যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কলকাতায় সফল হলে তারপর অন্যান্য জেলায় চালু করার পরিকল্পনা নেওয়া হবে। সেই মতোই এবার এগোচ্ছে কাজ।
অন্যান্য জেলাতেও ইসকনকে মিড-ডে মিলের দায়িত্ব
রাজ্যের স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায় মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর, দমদম এবং রাজারহাট নিউটাউন এলাকার স্কুলগুলিতে আপাতত মিড-ডে মিল সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ এবং ২ ব্লকে ইসকনকে বরাত দেওয়া হচ্ছে। গত ১১ জুলাই সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাব বিবেচনার পরেই অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।
যদিও এই সমস্ত স্কুলগুলিতে কবে থেকে এই প্রকল্প চালু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এ বিষয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, “সরকার যে জেলা দিয়ে প্রথম ইসকনের মাধ্যমে মিড-ডে মিল দেওয়া শুরু করেছিল, সেই জেলার ৮০% স্কুল এখনও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেনি। আবার অন্যান্য জেলাতেও প্রসার বিস্তার করছে। গোটা ব্যবস্থাটা ঠিকভাবে হওয়াটা বাঞ্ছনীয়।”
আরও পড়ুন: ‘আরও যদি বিশ লাখ মহিলা যোগ্য হয় …’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বয়ান মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, প্রথম ধাপে কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিল পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। মোটামুটি ৪৫ হাজার পড়ুয়ার মধ্যাহ্নভোজনের দায়িত্ব নিয়েছিল সংস্থা। তবে নিরামিষ খাবার নিয়ে আপত্তি ওঠার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুষ্টিযুক্ত খাবার দেওয়া হবে। এমনকি ডিমও দেওয়া হবে। সরকার আগেই জানিয়েছিল, ধাপে ধাপে এই প্রকল্পের পরিধি বিস্তার করা হবে। তবে এক মাস কাটতে না কাটতেই এবার আরও চার জেলার স্কুলের মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। আশা করা যাচ্ছে, খুব দ্রুত গোটা রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালু হবে।










