সৌভিক মুখার্জী, কলকাতা: এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল (SSC Job Case) মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউ, প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশের পর নতুন করে কেন নিয়োগ করছে রাজ্য সরকার, এই দাবিতেই রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ৩৪ জন প্রার্থী। ওবিসি জটিলতা নিয়েই এই মামলার সূত্রপাত। তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশন ২৮ সেপ্টেম্বর যে সংশোধিত প্রিলিমিনারি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল, সেখানে নতুন করে বেশ কিছু প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। এতে আগের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ দেওয়া এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
চাকরি বাতিল মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ প্রার্থীরা
আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি ২০২৫ সালে নতুন করে একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ নিয়ে প্রকাশিত হয় ফাইনাল প্যানেল এবং ওয়েটিং লিস্ট। পাশাপাশি বেশ কিছু বিষয়ে কাউন্সিলিংও চালানো হয় এসএসসির তরফ থেকে। তবে ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়ে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ।
মোট শূন্যপদ ১২,৪৪৫ টিতে অপরিবর্তিত রাখা হলেও স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দেয় যে, আগের ইন্টারভিউ তালিকা, প্যানেল এবং ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে তালিকা তৈরি করা হবে। তাতেই বিপাকে পড়েন চাকরিহারারা। মামলাকারীদের প্রশ্ন, সংরক্ষণের হিসাব সংশোধন করতে হলে নতুন ক্যাটাগরি অনুযায়ী প্যানেল তৈরি করতে পারে এসএসসি। কিন্তু ইতিমধ্যে লিখিত পরীক্ষায় ইন্টারভিউ এবং মেধা তালিকার ধাপ পেরিয়ে যাওয়া প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ কেন নেওয়া হবে? এতে বঞ্চিত হচ্ছেন আগের প্রার্থীরা।
আরও পড়ুন: RBI-র হস্তক্ষেপেই হল কাজ, ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি
এ বিষয়ে গতকাল হাইকোর্টে মামলাকারীদের আইনজীবী আশীষ কুমার চৌধুরী দাবি করেন, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করে প্যানেল আর ওয়েটিং লিস্ট প্রকাশের পর নতুন করে তা তৈরি করলে সংবিধানের পরিপন্থী হতে পারে। যদিও স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল, সংশোধিত তালিকায় আগে ইন্টারভিউ দেওয়া কোনও প্রার্থীর নাম থাকলে তাঁকে নতুন করে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন পড়বে না। আগের নম্বরের মাধ্যমেই বিবেচনা করা হবে। তবে মামলাকারীদের মতে, এতে বঞ্চিত হতে পারেন বেশ কিছু প্রার্থী।










