প্রীতি পোদ্দার, কলকাতা: ভোট পর্ব মিটতেই খবরের শিরোনামে ফের উঠে এল আরজি কর মামলা (RG Kar Case)। আইনি লড়াইয়ে এবার উঠে এলএক নাটকীয় মোড়। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার, আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়াল হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। ফলস্বরূপ পুনরায় এই মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠানো হল।
মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার বেঞ্চ
রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার, হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আরজি কর মামলা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI স্টেটাস রিপোর্ট পেশ করে। সেই রিপোর্ট আদালত গ্রহণ করে৷ আসলে আগের শুনানিতে বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়েছিল, আরজি কর মামলায় যদি প্রয়োজন হয়, তাহলে CBI নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। তারই স্টেটাস রিপোর্ট ছিল এটি। কিন্তু শুনানির সময় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানায়।
কী কারণে এই পদক্ষেপ?
বিচারপতি মান্থার বেঞ্চ জানায়, “এই আদালতে মামলার অত্যাধিক চাপ রয়েছে। কিন্তু আরজি কর মামলার দিকে গোটা রাজ্যবাসী তাকিয়ে আছেন, তাই সুবিচারের স্বার্থে এমন একটি বেঞ্চের শুনানি করা উচিত যারা পর্যাপ্ত সময় দিতে পারবে।” এছাড়াও বিচারপতি মান্থা বলেন, “আমিও চাই এই মামলায় সঠিক বিচার হোক। শুধু পরিবারের নয়, সাজাপ্রাপ্ত এবং সিবিআই-এর আবেদনও বিশদে শুনতে হবে। তাই বিস্তারিত শুনানির ব্যবস্থা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন: প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল ২০২৬-র NEET পরীক্ষা, ফের মূল্যায়নের ঘোষণা
জুডিশিয়াল কমিশন গড়বে বিজেপি সরকার
আরজি কর মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই পদক্ষেপের পরেই পুনরায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে। এদিকে শোনা যাচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি উচ্চপর্যায়ের ‘জুডিশিয়াল কমিশন’ গঠন করতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। আর সেই নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আরজি কর ও সন্দেশখালির ‘ফাইল খোলা’র যে হুঙ্কার দিয়েছিল, এটা তারই প্রথম ধাপ। এখন দেখার কোন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে এবং তদন্তের গতি কতটা বৃদ্ধি পাবে।










