প্রীতি পোদ্দার, কলকাতা: দলে সুন্দরী ও শিক্ষিত মহিলা না থাকলে পুরনোদের ছাঁটাই করার নিদান! কর্মীদের সামনেই চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন কাটোয়ার (Katwa) এক বিজেপি নেতা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে নানা বিষয়ে বাকবিতণ্ডার অভিযোগ উঠে আসছে বিভিন্ন জেলায়। কখনও তোলাবাজির অভিযোগ তো কখনও আবার দলের অন্দরে ক্ষমতার লড়াই (BJP Workers Clash)। এমতাবস্থায় দলীয় সংগঠনে নতুন মুখ এবং শিক্ষিত মহিলা কর্মীদের গুরুত্ব দিতে গিয়ে চরম কটাক্ষের শিকার হলেন কাটোয়ার নগর সভাপতি সুমন দেবনাথ।
বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ কর্মীদের
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি বিজেপির কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথ মন্তব্য করেছিলেন যে, দলে সুন্দরী ও শিক্ষিত মহিলা না থাকলে দলের পুরোনো কর্মীদের ছাঁটাই করে দেওয়া হবে। আর সেই অভিযোগ তুলে গত রবিবার রাত সাড়ে আটটা নাগাদ কাটোয়া শহরে বিজেপির নগর সভাপতির কার্যালয়ের সামনে বিজেপি নেতা সুমনকে ঘিরে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। বিজেপির মহিলা ও পুরুষ নেতাকর্মীদের একাংশ জানান, “আমাদের সামনে নতুনদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানানো হচ্ছে এবং আমাদের অসম্মান করা হচ্ছে। আমরা শীঘ্রই তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি।”
অভিযোগ অস্বীকার সুমন দেবনাথের
দলের পুরনো কর্মীদের তরফ থেকে উঠে আসা অভিযোগগুলিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা সুমন দেবনাথ। তিনি জানিয়েছেন, “আমি এমন কোনো কাজ করিনি। দলের শীর্ষ নেতৃত্বের কাছে আমাকে খারাপ করার জন্য এসব পরিকল্পনা করে করা হচ্ছে। কারোর কাছে অভিযোগ থাকলে দলের কোর কমিটি এবং উচ্চ নেতৃত্বকে জানাতে হয়। আমাকে হেনস্থা করার জন্যই এসব করা হচ্ছে। সবকিছু তদন্ত করে দেখা হোক। এ ভাবে আমাকে ভয় দেখানো যাবে না।” যদিও তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়া এবং মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও তুলছেন কর্মীরা।
আরও পড়ুন: ১৫ কেজির ‘কালু’র আতঙ্কে ঘরবন্দি গ্রামবাসী! ব্যাপক শোরগোল কাটোয়ায়
এই ঘটনার কয়েকদিন আগেই কাটোয়ার বিএলআরও দপ্তরের এক কর্মীর কাছে পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল সুমন দেবনাথ-সহ বিজেপির পাঁচ নেতার বিরুদ্ধে। সেই অভিযোগের রেশ কাটতে না-কাটতেই ফের নগর সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলেরই কর্মীরা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মনে করা যাচ্ছে যতদিন না পর্যন্ত দলের নগর সভাপতি পরিবর্তন হচ্ছে ততদিন কর্মীদের মধ্যে দ্বন্দ্ব বজায় থাকবে।










