মিড-ডে মিল দেবে ISKCON, তার আগেই সরকারের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

Published:

Mid Day Meal ISKCON

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হল এরাজ্যে  পিএম পোষণ (PM Poshan) প্রকল্পের সূচনা। এই প্রকল্পের অধীনে কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে (ISKCON)। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানা মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এই ধর্মীয় প্রতিষ্ঠানকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) একটি পিটিশন দাখিল করা হয়েছে। দাবি করা হচ্ছে রাজ্যের বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই কারণে বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গোটা বিষয়টি স্পষ্ট করার জন্য রাজ্যের কাছে হলফনামা চেয়ে পাঠিয়েছে। 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কর্মহারা হওয়ার আশঙ্কায় মামলা জারি

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড ডে মিলে কেন ডিম, মাংস দেওয়া হবে না, সেই অভিযোগ তুলে হাইকোর্টে আগেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এছাড়াও, মামলাকারী ইসকনের মতো সংস্থাকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ার নিয়েও আপত্তি করেছেন। যদি ইসকন এই কাজ করে তবে স্বনির্ভর গোষ্ঠীগুলি কি করবে, তা নিয়ে প্রশ্ন ওঠে।  

মামলাকারীর তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন, এই মুহূর্তে কলকাতা পুরসভা এলাকার প্রায় ১,৮০০ স্কুলে মিড ডে মিলের দায়িত্ব সরকার ইসকনের হাতে তুলে দিয়েছে। এই কাজ করার কথা ছিল এলাকার পিছিয়ে পড়া মহিলাদের দ্বারা তৈরি স্বনির্ভর গোষ্ঠীর। স্কুল চত্বরে সেল্ফ হেল্প গ্রুপ বা স্কুলের তত্ত্বাবধানে এই কাজ হয়ে এসেছে। এখন অপর একটি সংস্থাকে কাজের দায়িত্বভার দেওয়ার ফলে, প্রায় ২৫ লক্ষ মহিলার কর্মহারা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

গত মাসে রাজ্য বাজেট পেশ করার সময় ঘোষণা করা হয় যে, কলকাতা পৌরসভা অঞ্চলের স্কুল গুলিতে ইসকন মিড ডে মিলের খাবার সরবরাহ করবে। মহারাষ্ট্র, দিল্লি সহ ভারতের আটটি রাজ্যে ইসকন মিড ডে মিল দেয়। তাই এবার কলকাতা স্কুলগুলিতে পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনের মিড ডে মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই পদক্ষেপ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে নানা মহলে। তার মধ্যেই দুটি অভিযোগকে সামনে রেখে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। প্রথম অভিযোগটি হল, পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলে ডিম, মাংসের বদলে কেন পনির, রাজমা খাবে? এবং দ্বিতীয়টি হল যেসব স্বনির্ভর গোষ্ঠী এতদিন মিড ডে মিলের দায়িত্বে ছিল, ইসকন ভার পাওয়ার পর তাদের কি হবে?

আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপের জন্য বাংলার স্কুলে পিছিয়ে গেল পরীক্ষা, নয়া রুটিং জারি

এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, এই পুরোটাই প্রস্তাব, এখনও কিছু বাস্তবায়ন করা হয়নি। কিন্তু আগাম মামলা জারি করা হয়েছে। তা শুনে বিচারপতি বলেন, সেটা হলেও, মামলাকারী একটি যুক্তি নিয়েই মামলাটি করেছেন। যদি আগামী দিনে সরকার এনিয়ে কোনো নির্দেশিকা জারি করে এবং তার ফলে লক্ষ লক্ষ মহিলার কাজ চলে যায়, তখন কি হবে? তাই ডিভিশন বেঞ্চ এই বিষয়ে ধোঁয়াশা কাটানোর জন্য সরকারকে হলফনামা দিয়ে পুরো বিষয়টি জানানোর নির্দেশ দিয়েছে।