সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই মহরম (Muharram)। মুসলিম ধর্মে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় মহরমের মিছিল। বিশেষ করে কলকাতাতেও মহরমের সমাগম লক্ষ্য করা যায়। তবে এবার এতেই কাটছাঁট করলো রাজ্যের নতুন সরকার। কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি (Kolkata Police on Muharram), যেখানে মহরমের মিছিলের উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কারণ, এই শোভাযাত্রায় যুদ্ধ মহড়ার প্রদর্শনী হয়। এমনকি নকল অস্ত্র হাতেও লোকজনের সমাগম হয়। সেই সমস্ত রীতিতেই এবার কোপ বসাল কেপি।
মহরম নিয়ে বিশেষ নির্দেশিকা
কলকাতার বেশ কিছু রাস্তা যেমন শিয়ালদা, রাজাবাজার, টালিগঞ্জ, মেটিয়াবুরুজ, চিতপুর, খিদিরপুর ইত্যাদি জায়গায় মহরমের দিন রাস্তায় মিছিল বের হয়। শত শত মানুষ যোগদান করেন সেই মিছিলে। বিশেষ করে দুই ধরনের মিছিল দেখা যায় মহরমে। একদল কালো পোশাক পরে বুক চাপড়ে মর্সিয়া গান গান, এবং শোক প্রকাশ করেন। আরেক দল নকল অস্ত্র হাতে নিজেদের শরীরেই তা মেরে দিনটির কথা স্মরণ করেন। কারণ, এটি মুসলিম ধর্মের একটি শোক প্রকাশের দিন।
আরও পড়ুন: ১১ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ ও খুন, অভিযুক্তকে এনকাউন্টার করল দিল্লি পুলিশ
কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এবার এই মহরম উপলক্ষে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেগুলি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এমনকি এ বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিধিনিষেধের তালিকায় রয়েছে—
- নতুনভাবে কোনও মহরমের শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। আগে যেগুলি চলত সেগুলিকে শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হবে।
- শোভাযাত্রার সময় বা জমায়েতে কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। সে নকল অস্ত্র হোক বা আসল।
- ডিজে কিংবা উচ্চ ক্ষমতাসম্পন্ন কোনও সাউন্ড সিস্টেম বাজানো যাবে না।
- শোভাযাত্রার রুট আগে থেকেই নির্ধারণ করে রাখতে হবে, যাতে অন্য ধর্মের কোনও সম্প্রদায়ের প্রতিষ্ঠান বা সাধারণ মানুষের অসুবিধা না হয়।
- শব্দ দূষণ সংক্রান্ত সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।
- শান্তিপূর্ণভাবেই এই মহরম পালন করতে হবে। এমনকি এক জায়গায় বেশি মানুষ জমায়েত করা যাবে না। নিরাপত্তা ব্যবস্থা, রোড পরিদর্শক এবং প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হবে মহরমের দিন।
- তাজিয়ার উচ্চতা নিয়ন্ত্রণ করতে হবে। যাতে কোনও বিদ্যুতের তার বা ওভারহেড কেবল, কিংবা গাছের ডালের সংস্পর্শে না আসে। দুর্ঘটনা এড়ানোর জন্যই কলকাতা পুলিশের এই পদক্ষেপ।










