এক চার্জে ছুটবে ২১১ কিমি, কলকাতা পুলিশে যুক্ত হল ১৮৩ অত্যাধুনিক ইলেকট্রিক বাইক..

Published:

Kolkata Police

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যবাসীর সুবিধার্থে এবং দ্রুত পুলিশি তৎপরতা নিশ্চিত করতে নয়া চমক আনল কলকাতা পুলিশ (Kolkata Police)। পরিষেবা আরও চটজলদি প্রদান করতে মোট ১৮৩টি আল্ট্রাভায়োলেট এক্স-৪৭ ‘স্কাইফোর্স’ বৈদ্যুতিক মোটরসাইকেল যুক্ত করা হল কলকাতা পুলিশ পরিবারে। যার সূচনা পর্বে প্রথম ধাপে ৬০ টি অত্যাধুনিক বৈদ্যুতিক বাইক (Electric Bikes) চালু করা হয়েছে। আশা করা যাচ্ছে রাজ্যবাসীর নিরাপত্তা ব্যবস্থায় এবার এক নয়া মোড় আসতে চলেছে।

কলকাতা পুলিশের ঝোলায় ১৮৩ ইলেকট্রিক বাইক

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শুক্রবার, বিশ্বকর্মা পুজোর দিনে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এবং পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (WBPDCL) চেয়ারম্যান ও এমডি পি বি সেলিম। আর এদিনই পুলিশের হাতে তুলে দেওয়া হল ১৮৩টি আল্ট্রাভায়োলেটের বিশেষ ভাবে তৈরি X-47 Skyforce মডেলের ইলেকট্রিক মোটরসাইকেল। মূলত পরিবেশবান্ধব ও দ্রুত পুলিশি তৎপরতা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ এই বাইকগুলিতে ইলেকট্রনিক আর্কিটেকচারেও বিশেষ পরিবর্তন এবং চমক আনা হয়েছে।

বাইকের পরিকাঠামোয় নতুনত্ব

ইলেকট্রিক মোটর বাইকগুলি গঠনের সময় দীর্ঘ সময় ডিউটিতে থাকা পুলিশকর্মীদের কথাও মাথায় রেখেছে সংস্থা। তাই বাইকের রাইডিং পজিশন, সরঞ্জাম বহনের সুবিধা এবং ব্যবহারিক দিকগুলিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাইকগুলির সর্বোচ্চ গতি ৪৫ কিমি/ঘণ্টা এবং এতে রয়েছে ৩৬ হর্সপাওয়ারের মোটর এবং এক চার্জে এটি প্রায় ২১১ কিলোমিটার পথ চলতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল দ্রুততার সঙ্গে কাজ করার জন্য সাইরেন, হুটার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, LED ব্লিঙ্কার, মাইক্রোফোন ও ওয়াকি-টকি হোল্ডার এবং সাইড প্যানিয়ার যুক্ত করার ব্যবস্থা রয়েছে। ও জরুরি প্রয়োজনে মাত্র ৪০ মিনিটে ব্যাটারি রিচার্জ করার জন্য ফাস্ট-চার্জিং নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, থানার সামনে আগুন

প্রসঙ্গত, রাজ্যবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলেছে রাজ্য সরকার। পুলিশ প্রশাসনের তরফেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজে যাতে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা যায় সেই নিয়ে রীতিমত একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অবস্থায় বৈদ্যুতিক বাইক চালু করা নিয়ে আশা করা হচ্ছে, এই বাইকগুলো পুলিশদের টহল দেওয়ার কাজে সহায়তা করার পাশাপাশি শহরজুড়ে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করবে।